নিঝুম রাতে ‘স্পাইডারম্যান’-এর হানা। এখানে ‘স্পাইডারম্যান’ হিরো নয়। রীতিমতো ভিলেন। বহুতলের ফ্ল্যাটে বাস বলে যে নিশ্চিত হয়ে দরজা খুলে ঘুমোলেও বিপদ। লুঠেরা হয়ে হানা দিতে পারে সেই ‘দেওয়াল পোকা’। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে হানা দিয়ে চারতলার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে পালাল সে। এই ব্যাপারে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, নিউ আলিপুরের ‘ও’ ব্লকের বহুতলে থাকে পরিবারটি। এক ঘরে থাকেন দম্পতি। অন্য ঘরে থাকেন সন্তানরা। রয়েছে বারান্দা লাগোয়া ঘরও। সেই ঘরের ভিতর একটি ব্যাগে ছিল লক্ষাধিক টাকা ও কিছু গয়না। কিন্তু ঘরটির দরজা ছিল ভেজানো। যেহেতু চারতলার ফ্ল্যাট, তাই বাসিন্দারা মনে করেছিলেন, তাঁরা নিশ্চিন্ত। তাঁদের ফ্ল্যাটে বাইরে থেকে কেউ আসতে পারবে না। কিন্তু মঙ্গলবার গভীর রাতে এল সেই ‘ভিলেন স্পাইডারম্যান’।
যেভাবে প্রাণের মায়া ত্যাগ করে অনায়াসে ওই দুষ্কৃতী একতলা থেকে দেওয়ালের অংশ ও রেনপাইপ বেয়ে চারতলায় উঠেছে, তাতে পুলিশ আধিকারিকরা তাকে ‘ভিলেন স্পাইডারম্যান’ই বলছেন। তদন্তে পুলিশ জেনেছে, নিঃঝুম রাতে এভাবে প্রথমে সে বারান্দায় ওঠে। সেখান থেকে দরজা ঠেলে ভিতরে ঢোকে সে। তাকে কারও শোওয়ার ঘরেও হানা দিতে হয়নি। বাইরের ঘরেই ছিল টাকা ও গয়নাভর্তি ব্যাগটি। সে ব্যাগ সুদ্ধ ওই টাকা ও গয়না নিয়ে বারান্দা থেকে সেই একই পদ্ধতিতে ‘দেওয়াল বেয়ে’ চারতলা থেকে একতলায় নেমে পালিয়ে যায়। এই ব্যাপারে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সেই ‘দেওয়াল পোকা’কে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশের সূত্র জানিয়েছে, দুষ্কৃতীটি কলকাতার আশপাশের বাসিন্দা, এমনটা সম্ভব। এর আগেও পুলিশ আধিকারিকরা দেখেছেন যে, দেওয়াল বেয়ে যারা বহুতলের ফ্ল্যাটে হানা দেয়, তারা আগে থেকেই রেইকি করার চেষ্টা করে যে, কোন কোন ফ্ল্যাটের দরজা খোলা রাখার সম্ভাবনা রয়েছে। সেইমতো তারা শেষ ট্রেনে নিকটবর্তী স্টেশনে এসে নামে। রাত পর্যন্ত স্টেশনের ভিতর বা আশপাশে কাটিয়ে দিয়ে যে বাড়িতে ‘টার্গেট’ করা হয়েছে, সেখানে হানা দেয়। এমনকী, এই কাজে অনেক সময় নাবালকদেরও কাজে লাগানো হয়। তারা এই পদ্ধতিতে ভিতরে ঢুকে ব্যাগ, মোবাইল, ল্যাপটপ, যা পায় তা-ই হাতিয়ে নেয়। চুরির জিনিস তুলে দেয় গ্যাংয়ের মাথাদের হাতে। পুলিশের অভিমত, বহুতলের বাসিন্দারাও যেন রাতে নিজেদের প্রতে্যকটি ঘরের দরজা ভিতর থেকে লক করে রাখেন। নিউ আলিপুরে দেওয়াল বেয়ে ওঠা এই দুষ্কৃতীকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
