shono
Advertisement
Suvendu Adhikari

পুজোর আগেই বঙ্গে শিল্পের জোয়ার! হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ, আসছে এলএন্ডটিও

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ।
Published By: Kousik SinhaPosted: 09:33 AM Aug 25, 2026Updated: 09:47 AM Aug 25, 2026

১৫ বছরের শিল্পখরা কাটিয়ে বাংলায় শিল্প আসবে! আর সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্যের বিজেপি সরকার। গত কয়েকমাসে বঙ্গে একাধিক সংস্থার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে আরও একগুচ্ছ নতুন ঘোষণা করলেন তিনি। সেই তালিকায় যেমন রয়েছে লারসেন অ্যান্ড ট্রুব্রো (এলঅ্যান্ডটি)। তেমনই রয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন একটি প্ল্যান্ট। এজন্য প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিউ টাউনে ২ হাজার শয্যার একটি হাসপাতাল গড়তে চলেছে আদানি গোষ্ঠী। সেই প্রস্তাবেও রাজ্য সরকার সম্মতি দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

এই হাসপাতাল হবে প্রায় ২ হাজার শয্যার। যার মধ্যে ১ হাজার শয্যা আর্থিক ভাবে দুর্বল ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রাখা হবে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহৃত হবে।

সোমবার একাধিক ইস্যুকে সামনে রেখে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ''আগামী ২৭ তারিখ সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড ট্রুব্রো (এলঅ্যান্ডটি)র একটি প্রকল্পের উদ্বোধন হবে। এমনকী আগামী দুর্গাপুজোর সময় আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে হলদিয়ায়।'' শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন একটি প্ল্যান্টের উদ্বোধন আগামী ১৪ অক্টোবর হতে পারে। ইতিমধ্যে সংস্থার অন্যতম কর্তা শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''পুজোর মরসুমের আগেই রাজ্যের শিল্পক্ষেত্রে এই দু’টি উদ্বোধন গুরুত্বপূর্ণ বার্তা দেবে।'' শুধু তাই নয়, এক্ষেত্রে বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা সরকারের।

পাশাপাশি নিউ টাউনের আদানিকে হাসপাতাল তৈরির ক্ষেত্রে সরকার ছাড়পত্র দিয়ে দিয়েছে বলেও সোমবার জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদানি গোষ্ঠীর তরফে করণ আদানি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। হাসপাতাল তৈরি নিয়ে আলোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে লিখিত সম্মতিও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন গৌতম আদানি। দ্রুত কাজ শুরু করতে আগ্রহী সংস্থা। এই হাসপাতাল তৈরি ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিয়োগ আদানি গোষ্ঠী করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই হাসপাতাল হবে প্রায় ২ হাজার শয্যার। যার মধ্যে ১ হাজার শয্যা আর্থিক ভাবে দুর্বল ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রাখা হবে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহৃত হবে। সমস্ত অত্যাধুনিক পরিষেবা এই হাসপাতালে থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement