shono
Advertisement
TMC

জমি দখল করে পার্টি অফিস তৃণমূলের! পালাবদলের বঙ্গে বুলডোজার চালিয়ে উদ্ধার মালিকের

আজ বিজেপি নেতৃত্ব ও পুলিশের উপস্থিতিতে নিজের জমির উপর তৈরি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন জমির মালিক। এত বছর পর নিজের জমি ফেরত পেয়ে খুশি তিনি।
Published By: Jaba SenPosted: 03:41 PM May 23, 2026Updated: 03:42 PM May 23, 2026

রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে নবনির্বাচিত সরকার। এই আবহে বেলেঘাটার মাঠপুকুরে দখল হওয়া একটি জমির উপর বেআইনিভাবে নির্মিত পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক। তাঁর অভিযোগ, ১১ বছর আগে তাঁর জমি দখল করে বেআইনিভাবে পার্টি অফিস নির্মাণ করেছিল তৃণমূল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর হঠাৎ পার্টি অফিসে গেরুয়া রং করে দেয় তৃণমূল। আজ বিজেপি নেতৃত্ব ও পুলিশের উপস্থিতিতে নিজের জমির উপর তৈরি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন জমির মালিক। এত বছর পর নিজের জমি ফেরত পেয়ে খুশি তিনি।

Advertisement

ওই জমির মালিকের নাম ঝর্ণা কুণ্ডু। তিনি জানিয়েছেন, মিথ্যা কথা বলে তাঁর কাছ থেকে জমি দখল করে নিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল ক্লাব তৈরি করা হবে। কিন্তু ক্লাব না করে সেখানে পার্টি অফিস তৈরি করা হয়। সেই পার্টি অফিসে নিয়মিত মদের আসর বসত বলে অভিযোগ। এর জন্য স্থানীয় তৃণমূল নেতা রাজু ঘোষ, মিন্টু, বাচ্চু গাঙ্গুলীদের দিকে আঙুল তুলেছেন তিনি। রাজ্যে পালাবদলের পরে এই তৃণমূল নেতারাই ওই পার্টি অফিসে এসে গেরুয়া রং করে অফিসে বিজেপির পতাকা রেখে দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙচুর করে।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দখলদারি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন। এই আবহে ঝর্ণাদেবী শমীক ভট্টাচার্যের কাছে নিজের জমি দখল হওয়া নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর আশ্বাস পেয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন জমির মালিক ঝর্ণা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ ভাঙার কাজ পরিদর্শন করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তিনি জানান, বিজেপির নামে যদি কেউ অপকর্ম করে তাহলে বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ ও জবরদখলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ চলতে থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement