shono
Advertisement
TMC

ফের ধৃত তৃণমূল কাউন্সিলর, এবার সুজিত বসু ঘনিষ্ঠকে গ্রেপ্তার পুলিশের

তাঁর বিরুদ্ধে ২০২১ সালে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও এলাকার হকারদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে।
Published By: Jaba SenPosted: 07:57 PM May 22, 2026Updated: 08:31 PM May 22, 2026

গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর। এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। ধৃত কাউন্সিলর হলেন দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বর্মা। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও এলাকার হকারদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। এই দুই অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে স্থানীয় একটি হোমিওপ্যাথি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জড়ায় পার্থ বর্মার নাম। দোকানের মালিক পি সি প্রসাদ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন। যদিও সেই সময় ওই কাউন্সিলর প্রভাবশালী হওয়ায় এই অভিযোগ ধামাচাপা পড়ে যায়। কয়েকদিন আগে এলাকায় হকারদের থেকে তোলাবাজির ঘটনাতেও নাম জড়ায় কাউন্সিলরের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই দুই মামলায় কাউন্সিলর পার্থ বর্মাকে গ্রেপ্তার করল পুলিশ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের বিভিন্ন অভিযোগে তৃণমূলের একের পর এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অনেক তৃণমূল কাউন্সিলরও। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, মারধর, ভাঙচুর-সহ একাধিক মামলায় এই কাউন্সিলর ও তৃণমূল নেতারা অভিযুক্ত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধেও ব্যবস্থা নিল পুলিশ। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলরকে পাকড়াও করল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement