রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাস্তা আটকে নমাজ পাঠের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। এর বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এবার রাস্তায় ধর্মাচরণ নিয়ে সরকারের এই নীতির বিরুদ্ধে মেটিয়াবুরুজের এক মহিলা তৃণমূল কাউন্সিলরকে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শীঘ্রই ওই কাউন্সিলর এই নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে জানা গিয়েছে।
আজ কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উঠে আসে রাস্তায় নমাজ পড়া নিয়ে রাজ্য সরকারের বিধিনিষেধের প্রসঙ্গ। সূত্রের খবর, সেই প্রসঙ্গ উঠতেই মমতা মেটিয়াবুরুজের এক তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে রাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন।
রাস্তায় নমাজ পাঠে নিষেধাজ্ঞা-সহ বেশ কয়েকটি সরকারি নীতির বিরুদ্ধে সম্প্রতি পার্ক সার্কাস, রাজাবাজারে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। রাস্তায় নমাজ পড়া নিয়ে রাজ্য সরকারের বিধিনিষেধের পর আজ, শুক্রবার রাজবাজার, তোপসিয়া, পার্কসার্কাস, তিলজলার মতো এলাকায় রাস্তা আটকে নমাজ পড়া হয়নি। মসজিদগুলির মধ্যেই দুটি শিফটে নমাজ পাঠের আয়োজন করা হয়েছিল। তাই মসজিদের মধ্যেই জুম্মার নমাজ পাঠ করতে পেরেছেন মুসলিম ধর্মাবলম্বিরা।
