shono
Advertisement
Vidyasagar Setu

চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংস্কারের কাজ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:51 PM Jul 10, 2026Updated: 09:51 PM Jul 10, 2026

আবারও বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ১২ জুলাই রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেতু দিতে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংস্কারের কাজ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। এই ১৬ ঘণ্টা সেতু ব্লক রেখে ‘স্টে কেবল’ ও ‘হেল্ডিং ডাউন কেবল’ পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। এই কাজ চলাকলীন সেতুতে কোনও গাড়ির চাপ থাকলে তা বিপজ্জনক হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। তাই সেতু পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেতু বন্ধ থাকার কারণে কলকাতার বিভিন্ন দিক থেকে হাওড়াগামী ও হাওড়ার দিক থেকে আসা গাড়িগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড -স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে। জিরুট আইল্যান্ড সাইড থেকে পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ জুলাই বিকল্প রুটে গাড়ির চাপ কমাতে প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য রাস্তাগুলিতেও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু রবিবার ছুটির দিন, তাই সাধারণ নিত্যযাত্রীদের খুব একটা সমস্যা হবে না বলেও আশা করা হচ্ছে। রবিবার কাজ শেষ হলে রাত ১০টার পর পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় বিদ্যাসাগর সেতুতে স্বাভাবিক যান চলাচল শুরু করে দেওয়া হবে জানিয়েছে কলকাতা পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement