মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানালেন, আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Merit Scholarship)। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। এতে বহু পড়ুয়া উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।
সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যের তরফে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-সহ অন্যান্যরা। সেখানেই কৃতিদের শুভেচ্ছা জানান তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আবদুল কালাম-প্রসঙ্গ টেনে তিনি পড়ুয়াদের বোঝান, শিক্ষার কোনও বিকল্প নেই। পড়ুয়াদের বলেন, চিন্তার কোনও কারণ নেই, সরকার সকলের পাশে আছে। সেই মঞ্চ থেকেই ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই পড়ুয়াদের জন্য সুখবর শোনালেন তিনি। বলেন, "আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।" কীভাবে আবেদন করবেন? শুভেন্দু জানিয়েছেন, এই স্কলারশিপের জন্য যোগাযোগ করতে হবে শিক্ষাদপ্তরে। তবে এই প্রকল্পটি আগেও চালু ছিল। যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়, রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হত সোমবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে সেই বার্তাই দিয়েছে সরকার। বাংলায় বিজেপি সরকারের এখনও ১০ দিনও পেরোয়নি। ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে ধর্মগুরু, সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস থেকে তা বন্ধ হতে চলেছে।
