সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রীর নিশানায় সিপিএম (CPM)। রাজ্যের যত বেআইনি কাজ ২০১১ সালের আগে সিপিএম করে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বামেরা কোনও কাজের কাজ করেনি। বরং অকাজ করে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার একবালপুরে যান মুখ্যমন্ত্রী। দিন দুয়েক আগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই এলাকায় পরিদর্শনে গেলেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই এলাকায় বিদ্য়ুত চুরির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারা। সেই প্রসঙ্গে বুধবার বিদ্য়ুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, কলকাতা পুরসভার বৈঠক রয়েছে।
[আরও পড়ুন: হরিশ মুখার্জি রোডে নয়, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট বদলের নির্দেশ ডিভিশন বেঞ্চের]
সাংবাদিকদের তরফে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ আনেন স্থানীয়রা। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী দাবি করেন, “২০১১ সালের আগে যা যা বেআইনি কাজ সিপিএম করে এখন ছুপা রুস্তম সেজে বসে আছে। যদি খাতা বা ফাইল খোলা হয় তো দেখা যাবে কাজের চেয়ে অকাজের কাজ বেশি করে গেছে। এমন কাজ করেছে যে ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। বাধ্য হয়ে আমরা দমকলের স্কুটার তৈরি করলাম।” তাঁর আরও সংযোজন, “বাড়ি হোক আপত্তি নেই। তবে আইন মেনে হোক।”
