shono
Advertisement
WB govt

আগাম অনুমতির প্রয়োজন নেই! সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র রাজ্যের

বিগত সরকারের আমলে কেন্দ্র হোক বা রাজ‌্য, কোনও আমলা বা কর্মীর বিরুদ্ধে অভিযোগ বা অপরাধের তদন্ত করতে গেলে নবান্নের সবুজ সংকেত বাধ‌্যতামূলক ছিল।
Published By: Tiyasha SarkarPosted: 08:17 PM Jun 08, 2026Updated: 09:15 PM Jun 08, 2026

কেন্দ্রীয় সরকারি আমলা বা কর্মীদের বিরুদ্ধে তদন্ত চালাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে আর রাজ্যের আগাম অনুমতি নিতে হবে না। তবে রাজ‌্য সরকারের কোনও কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে সিবিআইকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকায় রাজ‌্য স্পষ্টভাবে জানিয়েছে, কোন ধরনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি তদন্ত করতে পারবে এবং কোন ক্ষেত্রে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক হবে।

Advertisement

বিগত সরকারের আমলে কেন্দ্র হোক বা রাজ‌্য, কোনও আমলা বা কর্মীর বিরুদ্ধে অভিযোগ বা অপরাধের তদন্ত করতে গেলে নবান্নের সবুজ সংকেত বাধ‌্যতামূলক ছিল। সপ্তাহখানেক আগে মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতির মামলাগুলিতে আমলা ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য যে সরকারি ছাড়পত্রের প্রয়োজন হয়, তা দেয়নি আগের সরকার। একইসঙ্গে তিনি জানান, শিক্ষাক্ষেত্র নিয়োগ দুর্নীতি এবং সমবায় সমিতিতে তহবিল তছরূপ-সহ বিভিন্ন অভিযোগে যে সমস্ত মামলা আদালতের নির্দেশে দায়ের হয়েছে, সেগুলিতেও দোষী অফিসার-আমলাদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দিচ্ছে রাজ‌্য। এদিন, তারই রেশ ধরে যে নির্দেশিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র ও পার্ব‌ত‌্য বিষয়ক দপ্তরের ইন্টারনাল সিকিওরিটি ব্রাঞ্চ, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কোন কোন শর্তে রাজ‌্য অনুমতি দেবে, তা বিশদে ব‌্যাখ‌্যা করা হয়েছে। 

মূলত দুটি বিষয়, ১) কেন্দ্রীয় সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যুক্ত অভিযোগ বা অপরাধের তদন্ত করতে পারবে সিবিআই। এমনকী, কোনও মামলায় যদি কেন্দ্রীয় কর্মী বা কোনও কেন্দ্রীয় সংস্থার যোগসূত্র থাকে, তা হলে সেই মামলায় জড়িত বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত চালানোর এক্তিয়ার থাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ২) তবে সিবিআইকে অনুমতি নিতে হবে রাজ‌্য সরকারের কোনও কর্মী বা অফিসার অথবা রাজ‌্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে। অর্থাৎ এ রাজ্যের সম্মতি বাধ‌্যতামূলক। 

যেহেতু দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন, ১৯৪৬-এর ধারা ৬ অনুযায়ী রাজ্যে সিবিআই তদন্তের বিষয়টি নির্ধারিত হয়, সেক্ষেত্রে এই আইন অনুযায়ী সম্মতি দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় জানিয়েছে রাজ‌্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ‌্য সরকারের এই নীতিগত সিদ্ধান্তের বিষয়টি সিবিআইকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement