shono
Advertisement

Breaking News

West Bengal Weather Update

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা

দুপুরের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Published By: Jaba SenPosted: 11:36 AM Jun 11, 2026Updated: 12:23 PM Jun 11, 2026

উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। এর মাঝে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পাশাপাশি আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই একটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। ৩ থেকে ৪টি জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বাকি জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও আগামী তিন-চার দিনে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায়। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গ গরম ও অস্বস্তির মাঝেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেই গরম এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। আগামী ৭ দিনে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড় হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।

আজ কলকাতায় সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৭ দিন এই রকম আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement