shono
Advertisement
West bengal Government

প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের 'দিশা', ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিষিদ্ধ মাদকের প্রবেশ রুখতে ও নেশামুক্ত ভারত গড়ে তুলতে রাজ্যে অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Published By: Subhankar PatraPosted: 09:04 AM Aug 20, 2026Updated: 09:04 AM Aug 20, 2026

রাজ্যজুড়ে শিল্পস্থাপন, কর্মসংস্থান সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য মন্ত্রিসভার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বিপুল কর্মসংস্থানের দিশা রচনা করা হয়েছে। বিভিন্ন কোম্পানিকে ৪৬৩.১৪ একর এবং ৬৩৯৭.২৩ বর্গফুট জমি সম্বলিত ডাব্লুবিআইডিসিএল-এর আটটি শিল্পপার্কের ২৪টি শিল্প ইউনিটের জমি লিজ হোল্ড বন্টনের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়। এর ফলে ৬২,৭১২ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি ডাব্লুবিআইআইডিসি-র চারটি শিল্পপার্কে ৯টি শিল্প ইউনিটের জন্য ৭৮.১৭৮৬ একর জমি দেওয়া হচ্ছে। যার ফলে ৫,৮৭২ জনের কর্মসংস্থান হবে।

Advertisement

এ ছাড়া এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিষিদ্ধ মাদকের প্রবেশ রুখতে ও নেশামুক্ত ভারত গড়ে তুলতে রাজ্যে অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে এই আন্টি নারকোটিক টাস্ক ফোর্স গড়ে তোলা হবে।

বৈঠকে চা বাগানগুলিতে চা পর্যটন ও অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চা বাগানগুলির ১৫ শতাংশ জমি অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে। তবে সর্বোচ্চ সীমা হবে ১৫০ একর। পরিবেশগত সমস্যার কারণে বর্তমানে 'চা পর্যটন ও আনুষাঙ্গিক ব্যবসা নীতি ২০১৯'-এর সংশোধন করা হবে। আলিপুরদুয়ারে সঙ্কোষ চা-বাগানের প্রায় ১১৮.৪২ একর জমি ফের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার। এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এসআইবি-র একটি ফ্রন্টিয়ার চেক-পোষ্ট ও ওসিআর কমপ্লেক্স স্থাপনের জন্য জলপাইগুড়ি জেলার চামুরচি চা বাগানের ০.৬৯ একর জমিও ফিরিয়ে নিচ্ছে রাজ্য।

পাশাপাশি মালদহ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তা এবং সীমান্ত বেড়া দেওয়ার জন্য ১৩.৯১৪১ একর সরকারি খাস জমি দেওয়া হল বিএসএফকে। এ ছাড়াও একাধিক দপ্তরে পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পদক বিজয়ী ক্রীড়াবিদ পুজা দাস-কে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বৈঠকে 'পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ (কর্মচারীদের পিএফ নিয়ন্ত্রণ) আইন ১৯৮৩' অনুসারে ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ সংক্রান্ত বিষয়গুলো একত্র করা-সহ বিভিন্ন বিষয়ে সুসংহত করার জন্য 'দি ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটিস ল'জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ পেশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement