shono
Advertisement
Congress

মারধর, পণের দাবিতে অকথ্য অত্যাচার! কংগ্রেস নেতা ভিক্টরের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী, দায়ের এফআইআর

সব অভিযোগই এদিন ভিত্তিহীন বলে খারিজ করেছেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর।
Published By: Kousik SinhaPosted: 09:32 PM Feb 15, 2026Updated: 09:37 PM Feb 15, 2026

প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক রামজান আলির ছেলে আরেক প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ভিক্টরের নামে বধূ নির্যাতনের অভিযোগ। যাকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। ফিরে এসেছে ভিক্টরের বাবা রামজান আলি খুনের স্মৃতি। ভিক্টর উত্তর দিনাজপুরের গোয়ালপোখোর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। সেই ভিক্টর ও তাঁর ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ সামনে আনলেন ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুধু বধূ নির্যাতনের অভিযোগ নয়, ভিক্টরের নামে ‘মানি লন্ডারিং’-এর মতো গুরুতর অভিযোগও এনেছেন স্ত্রী। তাঁর নামে এফআইআরও দায়ের করেছেন। 

Advertisement

ভিক্টরের সঙ্গে প্রেম বিবাহ হলেও ধীরে ধীরে তাঁর ‘বদমেজাজি চরিত্র’ সামনে আসতে থাকে বলে রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেছেন স্ত্রী প্রিয়াঞ্জলি। তাঁর বক্তব্য, “২০১০ সালে বাড়ির অমতে প্রেম করে আমাদের বিয়ে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি ব্যক্তিগতভাবে খুব খারাপ মানুষ ভিক্টর। প্রথম সন্তান ধারণের দেড় মাসের মাথায় সামান্য ঝগড়া, কথা কাটাকাটি থেকে পেটে ঘুষি মারে। সন্তান নষ্ট হয়। ধীরে ধীরে পণের জন্য চাপ, সামান্য কথায় ঝগড়া, মারধর বাড়তে থাকে। দু’বার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।” প্রথম দিকে বেনিয়াপুকুর থানায় জানিয়েও ফল হয়নি বলে তিনি দাবি করে জানান, লেডিজ পার্কের কাছে দুটি ফ্ল্যাট তাঁকে তাঁর দিদিমা কিনে দিয়েছিলেন। নগদ ও সোনার গয়না মিলিয়ে ১৬ লক্ষ টাকাও দিয়েছেন। কিন্তু ঘরে বেঁধে রেখে চাপ দিয়ে সেই দুটি ফ্ল্যাট নিজের নামে করিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ভিক্টর।

তাঁর বক্তব্য, “২০১০ সালে বাড়ির অমতে প্রেম করে আমাদের বিয়ে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি ব্যক্তিগতভাবে খুব খারাপ মানুষ ভিক্টর। প্রথম সন্তান ধারণের দেড় মাসের মাথায় সামান্য ঝগড়া, কথা কাটাকাটি থেকে পেটে ঘুষি মারে। সন্তান নষ্ট হয়। ধীরে ধীরে পণের জন্য চাপ, সামান্য কথায় ঝগড়া, মারধর বাড়তে থাকে। দু’বার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।”

প্রিয়াঞ্জলির অভিযোগ, তাঁদের রেজিস্ট্রি ম‌্যারেজ হলেও গোয়ালপোখোর, চাকুলিয়ার মানুষ ‘নিকাহ’ না হলে তাঁদের এই বিয়ে মানবেন না। আর তার প্রভাব ভোটব‌্যাঙ্কে পড়বে বলে তাঁর ধর্মান্তর করিয়ে ইসলাম মতে বিয়ে করতে বাধ্য করেন ভিক্টর। এদিন ভিক্টরের নামে এই বিস্ফোরক অভিযোগ আনার পর দুটি সিসিটিভি ফুটেজ দেখান আইনের এই ছাত্রী, যেখানে একটিতে তাঁকে তেড়ে যাওয়া ও আরেকটিতে তাঁকে সজোরে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে (সংবাদ প্রতিদিন ডিজিটাল এর যাচাই করেনি)।

প্রিয়াঞ্জলির আনা সিসিটিভি ফুটেজ।

ভিক্টরের স্ত্রীর আরও অভিযোগ, যে সময়ের ঘটনা, তখন বিধায়ক থাকার দরুণ ভিক্টর ভাল মুসলিম মেয়ে বিয়ে করতে পারতেন আর ভাল পণও পেতেন বলে বারবার মনে করাতেন। ভিক্টরের বাবাকে খুনের অভিযোগে যাবজ্জীবনের সাজা শেষ করে ২০২২ সালে মুক্তি পেয়েছেন তাঁর ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানা। তিনিও কথায় কথায় একই বিষয়ে খোঁটা দিতেন এবং প্রিয়াঞ্জলি অমুসলিম মেয়ে বলে তাঁকে ছেড়ে দিতে বলতেন ছেলেকে। ছেলের সঙ্গে অত্যাচারে মা-ও অন্যতম সঙ্গী ছিলেন বলে দাবি করেছেন ভিক্টরের স্ত্রী।

ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতনের এই অভিযোগ সামনে আসতেই তাঁর বাবা রমজান আলি খুনের পুরনো স্মৃতি ফের চর্চায় এসেছে। ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে খুন হন ভিক্টরের বাবা রমজান আলি। শোরগোল পড়ে যায়। এমএলএ হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বন্‌ধ ডাকে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তখন সোমেন মিত্র। শাসক দলে থাকা সত্ত্বেও বিরোধী কংগ্রেসের বন্‌ধকে সমর্থন করে পথে নামে ফরওয়ার্ড ব্লক। হস্টেলে চারজন দুষ্কৃতী এসে স্বামী-স্ত্রী দুজনকে বেঁধে মারধর করে অজ্ঞান পালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান ভিক্টরের মা তালাৎ। বলেন, সম্ভবত তাতেই রমজানের মৃত্যু। সিপিএমের সঙ্গে দ্বন্দ্বের দিকে আঙুল তোলে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। ঘটনায় তালাৎ পরে রমজানের গাড়ির চালকের নাম করেন। কিন্তু জানা যায়, সেই চালক নদিয়ার বাড়িতে ছিলেন। আরও পরে দিল্লির একটি নম্বরে বারবার ফোন করতেন তালাৎ বলে জানা যায়। দেখা যায়, সেটি রমজানের আপ্ত সহায়ক নুরুল ইসলামের। সেই সূত্রে বিহার থেকে তাঁকে ধরে পুলিশ। জানা যায়, তাঁদের মধ্যে তালাৎ ও নুরুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। হাতে নাতে তাঁদের এমএলএ হস্টেলেই ধরে ফেলেন বিধায়ক। তাতেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। যাবজ্জীবন সাজা হয় দুজনের। নুরুল পরে অসুস্থ হয়ে মারা যান। চার বছর আগে ছাড়া পান তালাৎ।

এদিন মা ও ছেলের নামে অভিযোগ করে প্রিয়াঞ্জলি বলেন, “দুজনে মিলে আমায় ফিনাইল খাইয়ে মারতে চেয়েছিল। ওর মা একজন খুনি, সাঙ্ঘাতিক মহিলা। তাঁদের অত্যাচারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়।” শেষে বিবাহ বিচ্ছেদের মামলা করায় সেই মামলাও তোলার চাপ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, “আমায় এর পর থেকে খুনের হুমকি দিতে থাকে। একবার ছুরি নিয়ে তাড়া করে। পুলিশে জানিয়েও কোনও ফল হবে না বলে জানায়।” এই কাণ্ডে তাঁর দুই বন্ধু রুকসানা ও রেহানও জড়িত বলে দাবি প্রাক্তন বিধায়কের স্ত্রীর। বাড়ি থেকে বের করে দেওয়ার পর কাছেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি।

আলি ইমরান রামজ ভিক্টর। ফাইল ছবি।

সব অভিযোগই এদিন ভিত্তিহীন বলে খারিজ করেছেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর। তাঁর কথায়, “তিন বছর আগে আমাদের সেপারেশন হয়ে গেছে। আমি ডিভোর্স চাইনি। কিন্তু উনি ডিভোর্সের মামলা করেছেন। তিন বছর আগে সেপারেশন হয়ে যাওয়ার পর এতদিন কিছু না জানিয়ে এখন নির্বাচনের মুখে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য আমার ইমেজকে নষ্ট করা।” এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে আছে এবং তাঁকে ব্ল‌্যাকমেল করার চেষ্টা চলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

ভিক্টরের সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের নতুন করে যোগাযোগ হয়েছে বলে সম্প্রতি খবর সামনে আসে। এই অভিযোগের খবর তঁার বর্তমান দল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছে। দলে তিনি ‘ডায়নামিক’ ও ‘প্রতিবাদী বলিষ্ঠ’ নেতা বলে পরিচিত। কিন্তু এই অভিযোগ শুনে দলেও প্রবল নিন্দা ও সমালোচনার মুখে ভিক্টর। এআইসিসি নেতা মধ‌্য কলকাতার জেলা সভাপতি মানস সরকারের বক্তব‌্য, “এমন ঘটনা মেনে নেওয়া যায় না। মামলা বিচারাধীন। তবে বধূ নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement