SIR এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তাই শুনানি পর্ব শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। গুরুতর অনিয়মের অভিযোগে একযোগে সাতজন এইআরও-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে কমিশনের তরফে। তাঁদের সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও নির্দেশ এসেছে।
নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি সম্পর্কেও নির্বাচন কমিশনকে অবহিত রাখতে বলা হয়েছে। রাজ্যের পাঁচ বিধানসভার মোট সাত এইআরও-র বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিল কমিশন। এঁদের মধ্যে দু'জনের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
নতুন করে শাস্তির মুখে যে সব আধিকারিকরা:
ক্যানিং পূর্ব (দু'জন)- সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু
সুতি (মুর্শিদাবাদ) - শেখ মুর্শিদ খান
ময়নাগুড়ি - ডালিয়া রায়চৌধুরী
সামশেরগঞ্জ - সেফাদুর রহমান
ফরাক্কা - নীতিশ দাস
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অভিযুক্তদের অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। যতটা সম্ভব দ্রুত সেরে ফেলতে এই প্রক্রিয়ার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইার সংক্রান্ত কাজে গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
