shono
Advertisement
Barasat

'ন'পাড়া মসজিদ বাড়ি' হল 'নেতাজি পল্লি'! শপথের রাতেই বারাসতে রাস্তার নতুন ফলক

এবার বারাসতেও বদলে গেল রাস্তার নাম। শনিবার বিজেপি সরকারের শপথগ্রহণের রাতেই বারাসতে ন'পাড়া মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে স্থায়ীভাবে 'নেতাজি পল্লি রোড' করা হল।
Published By: Arpita MondalPosted: 09:34 PM May 10, 2026Updated: 09:40 PM May 10, 2026

বাংলার ক্ষমতা গিয়েছে বিজেপির হাতে। রাজ্যে পালাবদলের পর থেকেই রাতারাতি রাস্তা থেকে পার্ক। সব জায়গাতেই নাম বদলের হিড়িক দেখা গিয়েছে। এবার বারাসতেও বদলে গেল রাস্তার নাম। শনিবার বিজেপি সরকারের শপথগ্রহণের রাতেই বারাসতে রাস্তার নাম বদল ঘিরে চাঞ্চল্য। ন'পাড়া মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে স্থায়ীভাবে 'নেতাজি পল্লি রোড' করার উদ্যোগ নেন স্থানীয় বিজেপি কর্মী ও এলাকার একাংশের বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ মে নির্বাচনি ফল প্রকাশের দিন প্রথম অস্থায়ীভাবে 'নেতাজি পল্লি রোড' লেখা ফ্লেক্স টাঙানো হয়েছিল। এরপর শনিবার রাতে স্থায়ী ফলক বসানোর কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ। এলাকার এক বাসিন্দা রাজু দাস বলেন, "এলাকায় হিন্দু-মুসলিম সকলেই মিলেমিশে থাকি। সকলের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। নেতাজি কোনও রাজনৈতিক দলের নন, সমগ্র বাঙালির আবেগ।"

বারাসত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রাজীব পোদ্দার বলেন, "শুনলাম সাধারণ মানুষের আবেগ ও দাবির কথা মাথায় রেখেই এই নতুন নামকরণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব। এর আগেও সাধারণ মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে বিভিন্ন মেট্রো স্টেশন বা রাস্তার নাম পরিবর্তন করে মণীষীদের নামে রাখা হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যা চেয়েছেন, তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়।" রাতের মধ্যে নাম পরিবর্তনের উদ্যোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement