shono
Advertisement

Breaking News

Ram Navami

রামনবমীতে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে উসকানিমূলক বক্তব্য! অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

অভিযোগ, শুক্রবার জঙ্গিপুরে অশান্তির ভিডিও থেকে নির্বাচিত অংশ কেটে বিজেপির সোশাল মিডিয়া পেজে আপলোড করা হয়েছে।
Published By: Arpita MondalPosted: 08:31 PM Mar 28, 2026Updated: 08:44 PM Mar 28, 2026

ভোটের মুখে রামনবমী মিছিল ঘিরে অশান্তিকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে বিজেপি! অভিযোগ, শুক্রবার মুর্শিদাবাদ জঙ্গিপুরে অশান্তির ভিডিও থেকে নির্বাচিত অংশ কেটে বিজেপির সোশাল মিডিয়া পেজে আপলোড করা হয়েছে। বিকৃতি ভিডিও পোস্ট করে 'উসকানি' ছড়ানো অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল।

Advertisement

প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। মিছিলে চলে মুহুর্মুহু ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মিছিলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে বচসা বাধে দু'পক্ষের। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা চরম পর্যায়ে চলে যায়। পরিস্থিতি আয়ত্বে আনতে ১৬৩ ধারা জারি করেছিল প্রশাসন। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।প্রশাসনিক হস্তক্ষেপে ঝামেলার নিষ্পত্তি হলেও সেই ঘটনাকে হাতিয়ার করে এবার ভোটের বাজার গরম করতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির! বিজেপি নেতৃত্বের দাবি, জঙ্গিপুরে রামনবমীর মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে বিজেপির সোশাল মিডিয়া পেজ থেকে।

আর এখানেই ত্রুটি খুঁজে পেয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ, গোটা অশান্তি থেকে কিছু কিছু নির্বাচিত অংশ কেটে সোশাল মিডিয়ায় আপলোড করছে বিজেপির সোশাল মিডিয়া সেল। রাজ্যে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর' অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঘাসফুল শিবির।

অন্যদিকে, বিজেপির বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে দাঁড়িয়ে পুলিশকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আইসিকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "যদি ভালো চান, বউ-বাচ্চা নিয়ে সুখে থাকতে চান আর রবিবারে শান্তিতে খাসির মাংস ও তুলাইপাঞ্জি চালের ভাত খেতে চান, তবে সোজা হয়ে কাজ করুন। আমাদের হয়ে কাজ করতে হবে না। শুধু নিরপেক্ষ থাকুন। বাকিটা আমরাই বুঝে নেব।" রাজ্যের আইনশৃঙ্খলার রক্ষক যাঁরা, সেই উর্দিধারীদের উদ্দেশে একজন জনপ্রতিনিধি কীভাবে এমন মন্তব্য করতে পারেন? আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শোকজ চেয়ে কমিশনে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement