রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের (WB 2nd Phase Election 2026) প্রাক্কালে সমাজমাধ্যমে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে তৈরি বিকৃত, কুরুচিকর মিম। যে ছবির মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে। নির্বাচনী আবহে মেরুকরণকে তীব্র করার এহেন প্রচেষ্টায় ইতিমধ্যেই তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। বিজেপি সমর্থিত একটি পেজ থেকেই ওই অশ্লীল ব্যঙ্গচিত্র ছড়িয়ে পড়ে। যা দেখে লজ্জায় মুখ ঢাকার জোগাড় সভ্য সমাজের। তাঁদের অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে বাংলার নারীদের সম্মান নিয়ে বড় বক্তৃতা দেওয়া দলেরই কিনা আরেক নারীকে বেআব্রু করার কী নির্লজ্জ প্রচেষ্টা! বুধবার ভোট উৎসবের দিন সেকথা মনে করিয়েই জনতা জনার্দনকে সচেতনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
দ্বিতীয় দফা ভোটের দিনও তৃণমূল সুপ্রিমোর হয়ে সুর চড়িয়ে পদ্ম শিবির সমর্থকদের একহাত নিলেন সৌমিতৃষা। ওই কুরুচিকর মিমের কথা মনে করিয়ে ভোটারদের উদ্দেশে মিঠাইয়ের কড়া সতর্কবাণী- 'ভেবে ভোট দিন'।
দর্শক-অনুরাগীদের প্রিয় 'মিঠাই' সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও গত এক মাস ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে জোড়াফুল শিবিরের হয়ে ভোটপ্রচার করেছেন। গ্রামেগঞ্জে যেখানেই গিয়েছেন জনতার বিপুল ভালোবাসা পেয়ে আপ্লুত অভিনেত্রী। এবার দ্বিতীয় দফা ভোটের (WB 2nd Phase Election 2026) দিনও তৃণমূল সুপ্রিমোর হয়ে সুর চড়িয়ে পদ্ম শিবির সমর্থকদের একহাত নিলেন সৌমিতৃষা। ওই কুরুচিকর মিমের কথা মনে করিয়ে ভোটারদের উদ্দেশে মিঠাইয়ের কড়া সতর্কবাণী- 'ভেবে ভোট দিন'। সরাসরি বিজেপিকে বিঁধে সৌমিতৃষার মন্তব্য, "মহিলাদের সম্মানের কথা বলেন আপনারা? এক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেই তো সম্মান দিতে পারলেন না! ভাবুন ভাবুন। যারা বিরোধী দলের সদস্য তারাও ভাবুন, আজকে ভোটটা ভেবে দেবেন!"
বাংলার বিভিন্ন প্রান্তে জোড়াফুল শিবিরের হয়ে ভোটপ্রচার করেছেন সৌমিতৃষা কুণ্ডু।
শেষ দফা নির্বাচনের দিনও সৌমিতৃষা যে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটপ্রচারের রেশে আচ্ছন্ন, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। স্মৃতির পাতা ঘেঁটে অভিনেত্রী বলছেন, "এবারের নির্বাচনী প্রচারের কত মধুর স্মৃতি রয়েছে। নিজে আম পেড়েছি, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষেরা কত আদর ভালোবাসা নিয়ে দাঁড়িয়েছিলেন। সবার ভালোবাসা পেয়েছি। সবচেয়ে বড় কথা হিন্দু-মুসলিম বলে আলাদা কেউ নেই, সবাই এক হয়ে যে জনস্রোত আমায় উপহার দিয়েছেন, আমি নিজেও কাকে সেলাম-আদাব আর কাকে নমস্কার করেছি? যেন নিজেরই খেয়াল নেই।" খবর, বুধবার দ্বিতীয় দফায় বেলা একটা পর্যন্ত ৬১.১১ শতাংশ ভোট পড়েছে। এমন আবহেই সৌমিতৃষার সতর্কবাণী নিয়ে নেটভুবনে শোরগোল।
