একক সংখ্যাগরিষ্ঠতায় প্রথমবার বাংলায় সরকার গঠন বিজপির। ব্রিগেডে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। অগণিত মানুষের ভিড়। এই অনুষ্ঠানেই কি বাদ সাধবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে।
শনিবার কলকাতা-সহ হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ হতে পারে ৩০-৪০ কিলোমিটার। রবিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের দাপট বেশি থাকবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গেও শনিবার বিকেলে ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে ব্রিগেডে বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে। ভারী বৃষ্টি হলে জল নামাতে রয়েছে অতিরিক্ত পাম্পও।
