বঙ্গে টাকার বিনিময়ে ভোট (Bengal Election 2026) কেনার ছক বিজেপির! দ্বিতীয় দফার ভোটের আগে ১৭ লক্ষ টাকা-সহ আটক ২ বিজেপি কর্মী। শনিবার এই ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারের মন্দিরবাজারে। তৃণমূলের দাবি, এই দুই বিজেপি কর্মীর একজন মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের ইলেকশন এজেন্ট অরুণ কুমার পুরকাইতের পুত্র অর্ঘ্য পুরকাইত। এবং দ্বিতীয় জন বিজেপির বুথ সভাপতি শুভদীপ হালদার।
পুলিশ দাবি অনুযায়ী, গোপন খবরের ভিত্তিতে শনিবার মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দিরের কাছে নাকা চেকিং শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ বাহিনী। সেই সময় একটি বাইকে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার হয়। ঘটনায় অর্ঘ্য পুরকাইত ও শুভদীপ হালদারকে আটক করা হয়েছে। টাকা কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আটক দু'জন পুলিশকে জানিয়েছে, তাঁদের কাছে এক ব্যক্তি এই টাকা গচ্ছিত রেখে উধাও হয়ে যায়। টাকার সূত্র কি তা তারাও জানে না। আটক দু'জনের এই বয়ানে স্বাভাবিকভাবেই রহস্যের সৃষ্টি হয়েছে।
তৃণমূলের দাবি, এই দুই বিজেপি কর্মীর একজন মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের ইলেকশন এজেন্ট অরুণ কুমার পুরকাইতের পুত্র অর্ঘ্য পুরকাইত। এবং বিজেপির বুথ সভাপতি শুভদীপ হালদার।
এদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে তৃণমূল। সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'হাতেনাতে ধরা পড়ল বিজেপির 'নোট দিয়ে ভোট' কেনার নোংরা খেলা! পরাজয় নিশ্চিত জেনে এখন টাকার বান্ডিল নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের ইলেকশন এজেন্ট অরুণ কুমার পুরকায়স্থ, তাঁর ছেলে অর্ঘ্য পুরকায়স্থ এবং বিজেপি বুথ সভাপতি শুভদীপ হালদার-সহ একাধিক বিজেপি নেতাকে ২১ লক্ষ নগদ টাকা-সহ পাকড়াও করেছে পুলিশ। সর্বত্র ভোটারদের প্রভাবিত করতে এই কালো টাকা বিলোনোর ছক কষেছিল এরা। কিন্তু বাংলার সচেতন জনতা আর প্রশাসনের তৎপরতায় ভেস্তে গেল সেই ষড়যন্ত্র।'
পাশাপাশি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, 'শুনুন বিজেপি নেতারা, বাংলার মানুষের আবেগ আর অধিকার ২১ লক্ষ কেন, ২১ কোটিতেও কেনা যায় না। আগামী ২৯ এপ্রিল এই দুর্নীতি আর জালিয়াতির জবাব ব্যালট বক্সেই দেবে মন্দিরবাজারের মানুষ।'
