shono
Advertisement
Leander Paes

বিজেপিতে যোগ দিচ্ছেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ! নীতীন নবীনের সঙ্গে বৈঠকে জল্পনা

কংগ্রেস, তৃণমূল ঘুরে এবার বিজেপিতে লিয়েন্ডার? সব ঠিক থাকলে বঙ্গ ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন।
Published By: Subhajit MandalPosted: 11:24 PM Mar 24, 2026Updated: 11:24 PM Mar 24, 2026

এবার কি বিজেপির পথে কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা। মঙ্গলবার রাতে কলকাতার এক হোটেলে বেশ কিছুক্ষণ নীতীন নবীনের সঙ্গে কথা হয় লিয়েন্ডারের। ছিলেন রাজ্য নেতারাও। বিজেপি সূত্রের খবর, যোগদানের ব্যাপারে লিয়েন্ডারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে তাঁদের।

Advertisement

টেনিস সুপারস্টার লিয়েন্ডার। ভারতীয় ক্রীড়াজগতে যার নাম একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয়। আঠাশ বছর দেশের হয়ে খেলেছেন। শচীনের চেয়েও চার বছর বেশি। অলিম্পিক ইতিহাসে একমাত্র ভারতীয় যিনি টেনিস থেকে পদক এনেছেন। সর্বাধিক মিক্সড ডাবলস গ্র‌্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আছে। ডেভিস কাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। ডেভিস ইতিহাসে সবচেয়ে বেশি ডাবলস ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডের মালিক। সার্কিটে ডাবলসে জুড়ি হিসেবে এবং এককভাবে বিশ্বের এক নম্বর ছিলেন।

অবসরের আগে থেকেই অবশ্য রাজনীতিতে হাত পাকানোর চেষ্টা করছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়। সেসময় কংগ্রেসের টিকিটে গোয়া থেকে তাঁর ভোটে লড়া নিয়ে জল্পনা ছড়ায়। সেই জল্পনা আর বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। বেশ কিছুদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নিষ্ক্রিয় অবস্থায়।

সব ঠিক থাকলে বঙ্গ ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। লিয়েন্ডার বিজেপিতে নাম লেখালে সেটা বেশ তাৎপর্যপূর্ণ হবে। এই স্তরের কোনও তারকা বিজেপির হয়ে বঙ্গ ভোটের আগে যোগদান মানে গেরুয়া শিবিরের স্টার ভ্যালু অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু বিদ্বেষের যে অভিযোগ ওঠে সেটাও কমানো যাবে। যদিও যোগদানের ব্যাপারে সরকারিভাবে লিয়েন্ডারের তরফে কিছু জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement