shono
Advertisement
West Bengal Assembly Election 2026

ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত, একসঙ্গে ২৩ পদ থেকে ইস্তফা মমতার

মুখ‌্যমন্ত্রী তাঁর পদত‌্যাগপত্রের সঙ্গে যে তালিকাটি দিয়েছেন, তাতে ১১টি দপ্তরের একাধিক পদের কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার নিয়ম মেনে একাধিক সরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা বোর্ড থেকে পদত‌্যাগ করলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
Published By: Subhajit MandalPosted: 09:42 PM Mar 24, 2026Updated: 11:03 PM Mar 24, 2026

নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার নিয়ম মেনে একাধিক সরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা বোর্ড থেকে পদত‌্যাগ করলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ১১টি দপ্তরের ২৩টি সংস্থা থেকে পদত‌্যাগ করেন বলে নবান্ন সূত্রে খবর। 

Advertisement

মঙ্গলবার মুখ‌্যমন্ত্রী এই পদত‌্যাগপত্র পাওয়ার পর স্বরাষ্ট্র ও পার্ব‌ত‌্য বিষয়ক দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সরকারের প্রতিটি দপ্তরকে অবহিত করেন। নবান্ন সূত্রে খবর, এটি পুরোপুরি একটি সাধারণ প্রশাসনিক বিষয়। ভোটের আগে প্রতিবারই এটাই নিয়ম। সূত্রের খবর, মুখ‌্যমন্ত্রী তাঁর পদত‌্যাগপত্রের সঙ্গে একটি তালিকাও সংযোজিত করে দেন। পদত‌্যাগপত্রে সেটির উল্লেখ করে লেখেন, ‘আমি সংযুক্ত তালিকায় উল্লিখিত আমার সকল অফিস/পদ থেকে অবিলম্বে পদত্যাগপত্র জমা দিচ্ছি।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘সংযুক্ত তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন প্রতিষ্ঠানে আমার অফিস/পদগুলি-সহ, এই ধরনের সকল ক্ষেত্রে পদত্যাগপত্র গ্রহণের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।’

মুখ‌্যমন্ত্রী তাঁর পদত‌্যাগপত্রের সঙ্গে যে তালিকাটি দিয়েছেন, তাতে ১১টি দপ্তরের একাধিক পদের কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, স্বাস্থ‌্য ও পরিবারকল‌্যাণ, অরণ‌্য, তথ‌্য ও সংস্কৃতি, সংখ‌্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণি কল‌্যাণ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু পুর্নগঠন, পরিকল্পনা ও পরিসংখ‌্যান, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স, কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ, শিল্প ও বাণিজ‌্য দপ্তরের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার পদ। কোথাও মুখ‌্যমন্ত্রী ছিলেন চেয়ারপার্সন, মিশন হেড, প্রধান পৃষ্ঠপোষক বা সদস‌্য। সেগুলি থেকেই পদত‌্যাগ করেছেন তিনি।

তাঁর পদত‌্যাগপত্রে পাওয়ার পর স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ‌্যসচিব/প্রিন্সিপ‌্যাল সেক্রেটারি/সেক্রেটারিকে জানানো হয়েছে, দপ্তরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ইস্তফা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। চিঠিতে উল্লেখ রয়েছে, ২৫ মার্চ বিকেল ৪টের মধ্যে সমস্ত দপ্তরকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ পাঠাতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement