shono
Advertisement

Breaking News

Dilip Ghosh

'ক্ষমতায় এলে বাংলায় বুলডোজার চলবে! রামরাজ্য হবেই', ফের বিস্ফোরক দিলীপ

তিনি বলেন, বাংলায় শান্তি ফেরাতে, দুর্নীতি বন্ধ করতে ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো এখানেও 'বুলডোজার' নীতি প্রয়োগ করবে বিজেপি।
Published By: Jaba SenPosted: 04:56 PM Apr 13, 2026Updated: 06:19 PM Apr 13, 2026

ফের একবার চেনা মেজাজে দেখা গেল বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সোমবার খড়গপুর স্টেশন লাগোয়া বোগদা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় শান্তি ফেরাতে, দুর্নীতি বন্ধ করতে ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো এখানেও 'বুলডোজার' নীতি প্রয়োগ করবে বিজেপি। এছাড়াও যা যা প্রয়োজন সব করা হবে। দিলীপ আরও বলেন, 'বাংলা রামরাজ্য হবেই।'

Advertisement

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপ দাগেন দিলীপ (Dilip Ghosh)। তিনি বলেন, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র সব জায়গায় রামরাজ্য হয়ে গিয়েছে। বাংলার মুসলমানরা কেন এই সব রাজ্যে চাকরি করতে যান তার জবাব ফিরহাদের থেকে চেয়েছেন দিলীপ। তাঁর দাবি, বাংলায় মুসলমানদের সুরক্ষা নেই। রামরাজ্যে মুসলমানরা সুরক্ষিত। তাঁর কথায়, 'বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে, ফিরহাদের অসুবিধা হলে অন্য রাজ্যে চলে যাবেন।' এদিন দিলীপ আরও দাবি করেন, তৃণমূলের লোকজনের সঙ্গে যাঁরা ঘুরছেন তাঁরাই দিলীপ ঘোষকে জেতাবে।

ভোটের মুখে শাসকদলের একের পর এক নেতাকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ জানান, এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দুর্নীতির বিচার হবেই। বিজেপি এলে সবাইকে জেলে যেতে হবে।

এছাড়াও এদিন ফের একবার বন্দেমাতরমের পক্ষে সওয়াল করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, "বন্দেমাতরমের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যাঁরা এই কাজ করবে তাঁদের দেশের বাইরে যেতে বলব।" পাশাপাশি বাঙালি ইস্যুতে কীর্তি আজাদ, জুন মালিয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, রবিবার বাংলায় নির্বাচনী প্রচার সভায় বুলডোজার নিয়ে ফের হুমকির সুর শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে। সোমবার তাঁকে পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement