shono
Advertisement

Breaking News

BJP

প্রার্থী হওয়ার প্রস্তাব নাকচ নামী মুখদের! শেষ দফায় তালিকা প্রকাশে হিমশিম বিজেপির

রাজ্যের প্রায় চল্লিশটি গুরুত্বপূর্ণ আসন নিজেদের হাতে রেখে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই আসনগুলিতে চমক দেওয়া মুখ তুলে ধরার পরিকল্পনা ছিল দলের। সেই লক্ষ্যেই গত কয়েক সপ্তাহ ধরে রাজনীতির বাইরের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করা হয়।
Published By: Kishore GhoshPosted: 09:59 AM Mar 27, 2026Updated: 10:25 AM Mar 27, 2026

রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে চাপে পড়েছে বিজেপি। গেরুয়া পার্টি ইতিমধ্যেই তৃতীয় দফার তালিকা প্রকাশ করলেও এখনও ১৯টি আসনে প্রার্থী দেওয়া বাকি। রাজনৈতিক মহলের মতে, শেষ মুহূর্তে এসে প্রার্থী বাছাই করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

Advertisement

সূত্রের খবর, রাজ্যের প্রায় চল্লিশটি গুরুত্বপূর্ণ আসন নিজেদের হাতে রেখে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই আসনগুলিতে চমক দেওয়া মুখ তুলে ধরার পরিকল্পনা ছিল দলের। সেই লক্ষ্যেই গত কয়েক সপ্তাহ ধরে রাজনীতির বাইরের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করা হয়। তালিকায় ছিলেন নামকরা সংগীতশিল্পী, প্রাক্তন আমলা, চিকিৎসক, শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত নামীদামি মানুষজন। দলের তরফে ফোন করে তাঁদের সঙ্গে যোগাযোগও করা হয় বলে জানা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকজন ছাড়া তাঁদের অধিকাংশই প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফলে নির্দিষ্ট কয়েকটি আসনে এখনও যোগ্য প্রার্থী খুঁজে বের করতে গিয়ে সমস্যায় পড়েছে দলীয় নেতৃত্ব।

তবে এতে থেমে নেই তারা। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শেষ দফার প্রার্থী তালিকায় অন্তত কয়েকটি চমক রাখার চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে শহরাঞ্চল এবং কিছু সংখ্যালঘু প্রভাবিত আসনে নতুন মুখ তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে। তাই শেষ দফার তালিকায় আদৌ কোনও বড় চমক থাকে কি না, সেটাই দেখার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় সাংগঠনিক প্রস্তুতির ব্যাপারেও চাপ তৈরি হতে পারে। যদিও বিজেপির দাবি, খুব শীঘ্রই বাকি আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ভোটের আগে সংগঠনের প্রস্তুতি পুরোপুরি সেরে ফেলা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement