হলদিয়ায় দাঁড়িয়ে ভবানীপুর জেতার হুঙ্কার! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে পদ্ম ফুটবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বললেন, "পাঁচ বছর আগের নন্দীগ্রামে বিজেপি জিতেছে। এবার ভবানীপুরে জিতবে।" (যদিও নন্দীগ্রামে গণনার সময় লোডশেডিং। মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন। তৃণমূল দাবি করে, লোড শেডিংয় করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।)
রাজ্যে নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। হলদিয়ায় শুভেন্দু-সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই তাঁর দাবি, বিজেপি এবার বাংলায় ক্ষমতা দখল করবে। বাংলার মানুষের উৎসাহ সেই আভাস দিচ্ছে। তারপরই মোদি বলেন, "পাঁচবছর আগে নন্দীগ্রামে এই পরিবর্তন শুরু হয়েছিল। এবার তা ভবানীপুরে হবে।"
উল্লেখ্য, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকে এবারে নির্বাচনে (West Bengal Assembly Election) লড়াই করছেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়েছেন তিনি। কিন্তু কতটা সুবিধা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিল, ক্ষমতা থাকলে শুধুমাত্র ভবানীপুর থেকেই লড়ুক শুভেন্দু। তা হয়নি।
এদিকে রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসন সামলাচ্ছেন ফিরহাদ, অরূপরা। গতকাল বৃহস্পতিবার তৃণমূলনেত্রীর মনোনয়ন মিছিলে জনজোয়ারে ভাসে কলকাতা। পায়ে হেঁটে মিছিল করে মনোনয়ন দেওয়ার পর তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। বলেন, "আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনে বিজেপি কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে।
