shono
Advertisement
West Bengal Assembly Election

ভোটের মুখে পদ্মবিধায়ক নিয়ে ক্ষোভ, নয়া মুখ চেয়ে গাজোলে পোস্টার দিলেন দলেরই নেতা-কর্মীরা

বিজেপির বিধায়ককে তোপ দেগেছেন তৃণমূল জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। তাঁর কথায়, "এটা বিজেপিরই অন্তর্দ্বন্দ্ব।" 
Published By: Kousik SinhaPosted: 05:29 PM Mar 07, 2026Updated: 05:29 PM Mar 07, 2026

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই প্রার্থীপদ নিয়ে গেরুয়া শিবিরে দ্বন্দ্ব অব্যাহত মালদহের গাজোলে। এবার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে 'সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা'। ভোটের আগে এহেন পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে এহেন দাবি নতুন নয়, এর আগেও বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মণের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন বিজেপির একাংশ নেতা-কর্মীরা। এবার চিন্ময় দেব বর্মণর নাম না করেও পরোক্ষভাবে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে গাজোল সদরেও। তবে কে বা কারা এই পোস্টার দিল তা এখনও স্পষ্ট নয়। এমনকী এই বিষয়ে স্পিকটি নট বিজেপি জেলা নেতৃত্বও। যদিও গাজোলের বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মণ দাবি করেন, ''দলের কিছু কর্মীর ক্ষোভ ও অভিমানকে হাতিয়ার করে তৃণমূল এই ধরনের কাজ করেছে।'' পাল্টা বিজেপির বিধায়ককে তোপ দেগেছেন তৃণমূল জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। তাঁর কথায়, "এটা বিজেপিরই অন্তর্দ্বন্দ্ব।" 

Advertisement

গাজোল থানা সংলগ্ন এলাকায় থানা মোড়ের বিশ্রামাগারে নতুন মুখ চেয়ে এই পোস্টার লাগানো রয়েছে। শুধু তাই নয়, আলামপুর এলাকা-সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, মাস দেড়েক আগে থেকেই গাজোলে বিজেপির দ্বন্দ্ব চলছে। যা সামাল দিতে ব্যর্থ জেলা নেতৃত্ব। বিজেপির বনভোজন কর্মসূচিতে বর্তমান বিধায়ক চিন্ময়কে টিকিট না দেওয়ার দাবি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এই ইস্যুতে গাজোলে গেরুয়া শিবির কার্যত দু'ভাগ হয়ে যায়। ওই দলীয় বনভোজন কর্মসূচিতে কব্জি ডুবিয়ে খেয়েও দলের একাংশ কর্মীরা জোরদার স্লোগান দিতে থাকেন, 'গাজোলে এবার প্রার্থী বদল চাই'। ছাব্বিশের প্রার্থীপদ নিয়ে উঠে আসে গেরুয়া দ্বন্দ্বের ছবি। বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন সেই চিন্ময় দেব বর্মণকে তাঁরা এবার প্রার্থী হিসাবে দেখতে চান না। নতুন কাউকে প্রার্থী করা হোক বলে দাবি তুলে গাজোলের বিজেপি কর্মীদের একাংশ এখনও সোচ্চার। বিজেপির বর্তমান বিধায়কের বিরুদ্ধে কোনও উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন দলীয় কর্মীরাই।

দলের রাজ্য ও জেলা নেতৃত্বকে ওই পদ্ম-কর্মীদের হুঁশিয়ারি, বর্তমান বিধায়ককে টিকিট দিলে তাঁরা পাল্টা নির্দল প্রার্থী দেবেন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিশেষ করে যখন সামনেই নির্বাচন কড়া নাড়ছে, সেই সময় এই পোস্টার অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, প্রকাশ্যে চলে এসেছে বিজেপির দ্বন্দ্ব। ২০২১ সালে বিজেপির চিন্ময় দেব বর্মণ মাত্র প্রায় দু'হাজার ভোটে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেন। কিন্তু বিধায়কের পাঁচ বছরের কাজের নিরিখে গাজোলের দলীয় নেতা এবং কর্মীদের একাংশ তাঁর উপর সন্তুষ্ট নন বলেই দাবি তাঁদের।

চিন্ময় দেব বর্মণ। বিজেপি বিধায়ক, গাজোল।

বিজেপি নেতা ঠাকুরদাস সরকারের সাফ কথা, "গাজোল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী চাই। বর্তমান বিধায়ককে আমরা চাই না।" বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মণ পোস্টার ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুলে দলের দ্বন্দ্ব আড়াল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

বিজেপি নেতা ঠাকুরদাস সরকারের সাফ কথা, "গাজোল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী চাই। বর্তমান বিধায়ককে আমরা চাই না।" বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মণ পোস্টার ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুলে দলের দ্বন্দ্ব আড়াল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, "এই বিধানসভা নির্বাচনে গাজোলে বিজেপি দল বলে আর কিছু থাকবে না। সব মাটিতে মিশে যাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement