shono
Advertisement
West Bengal Elections 2026

'স্ট্রংরুম সুরক্ষিত, পোস্টাল ব্যালট ভাগ করছিলেন এইআরওরা', কারচুপির অভিযোগ ওড়াল কমিশন

সিইও মনোজ আগরওয়াল জানালেন, "স্ট্রংরুম সিলড রয়েছে। কয়েকজন এইআরও ব্যালট ভাগ করছিলেন, সেই ফুটেজ দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। এটা একেবারে মিথ্যে, ভিত্তিহীন।"
Published By: Tiyasha SarkarPosted: 11:09 PM Apr 30, 2026Updated: 11:53 PM Apr 30, 2026

ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন তৃণমূলের দুই প্রার্থী, কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাতেই সাংবাদিক বৈঠক করে কারচুপির অভিযোগ ওড়াল কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানালেন, "স্ট্রংরুম সিলড রয়েছে। কয়েকজন এইআরও ব্যালট ভাগ করছিলেন, সেই ফুটেজ দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। এটা একেবারে মিথ্যে, ভিত্তিহীন।"

Advertisement

এদিন সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে শামিল হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা ও জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। ওই স্ট্রংরুমের ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলেন তাঁরা। তৃণমূল প্রার্থীদের অভিযোগ, “লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে ভিতরে কাজ হচ্ছে। হাতে হাতে ব্যালট ঘুরছে ভিতরে। অথচ সিইও বলছেন, ভিতরে কিছু হচ্ছে না। যদি পোস্টাল ব্যালটের কাজই হয়। তবে সেগুলি কোথা থেকে এল?” পরে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী তাপস রায়, সন্তোষ পাঠক। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ফিরেও যান তাঁরা।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহজনক গতিবিধি। ছবি: ব্রতীন কুণ্ডু

এরপর রাতেই সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, একাধিক কেন্দ্রের ইভিএম সেখানে রাখা হয়েছে। বৃহস্পতিবার সেখানে থাকা পোস্টাল ব্যালট আলাদা করছিলেন এইআরও-রা। এই কাজ করা হবে বলে নাকি চিঠিও দেওয়া হয়েছিল প্রার্থীদের। সেই পোস্টাল ব্যালট আলাদা করার ভিডিও দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। মনোজ আগরওয়াল জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে-ভিত্তিহীন। স্ট্রংরুম একশো শতাংশ সুরক্ষিত রয়েছে। পাশাপাশি অকারণে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। এদিন সন্ধ্যের পর শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইও বলেন, "কোনও প্রার্থী যেতেই পারেন, তাতে আমাদের বলার কিছু নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement