shono
Advertisement
Firhad Hakim

মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার! তৃণমূলী চালেই পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ

দীর্ঘদিন ধরেই আচরণে ফিরহাদ বুঝিয়ে দিচ্ছেন তিনি আর 'দিদি'র সঙ্গে নেই।
Published By: Tiyasha SarkarPosted: 10:19 AM Jun 19, 2026Updated: 01:19 PM Jun 19, 2026

বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ‌্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। কারণ, এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েকবছরে দেখা গিয়েছে, বিশেষ কৌশলে  এই পদে বিরোধী শিবিরের 'পছন্দের' লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্দেশ্য একটাই, এমন একজনকে বেছে নেওয়া হয় যিনি বিরোধী দলের গলার কাঁটা হয়ে থাকবেন। শোনা যাচ্ছে, সেই কৌশলেই এবার ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) পিএসির চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা চলছে। 

Advertisement

পালাবদলের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, তাঁরাই এখন নানারকম দোষারোপ করে দূরত্ব বাড়িয়ে নিয়েছে শতযোজন। ফলে পরিষদীয় দলের রাশ হাতছাড়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর। ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই নামে একটি অচেনা পার্টির সঙ্গী হয়েছেন এনডিকে সমর্থন জানাতে। এদিকে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। ফলে মমতার হাতে আর কার্যত কিছুই নেই। মুখে কিছু না বললেও দীর্ঘদিন ধরেই আচরণে ফিরহাদ বুঝিয়ে দিয়েছেন তিনি আর 'দিদি'র সঙ্গে নেই। বৃহস্পতিবার জল্পনা অন্য মাত্রা পেয়েছে। কারণ, রাজ্যপালের ভাষণের সময় দেখা গেল ফিরহাদের আসন নির্দিষ্ট হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানদের সঙ্গে একই বেঞ্চে। অর্থাৎ তিনি যে ঋত-পন্থী তৃণমূলে তা বলার অপেক্ষা রাখে না। এরপরই শোনা যাচ্ছে, ফিরহাদকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার হিসেবে। 

কী এই পিএসি? এর পুরো কথা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বিধানসভার এই কমিটি রাজ্য সরকারের খরচ-খরচার উপর নজর রাখে। স্বচ্ছতা বজায় রাখতে সাধারণত কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী বিধায়কদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন দু’জনকে পিএসির চেয়ারম্যান করেছিল যাঁরা খাতায় কলমে পদ্ম প্রতীকে বিধায়ক হলেও দলবদল করে তৃণমূলে নাম লেখায়। এঁরা হলেন প্রয়াত মুকুল রায় ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলাল। দু'জনের ক্ষেত্রেই দলবদলের রেকর্ড রয়েছে। তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে বারবার এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়। বারবারই তৎকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সংসদীয় রীতি মেনেই পাবলিক অ‌্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। সেই পথে হেঁটেই ফিরহাদকে পিএসির চেয়ারম্যান করার ভাবনা চলছে বলেই খবর। যদিও ফিরহাদের ক্ষেত্রে বিষয়টা ঠিক মুকুল রায়দের মতো নয়। কারণ, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে গুঞ্জন শোনা গেলেও খাতায় কলমে ফিরহাদ তৃণমূলেরই।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement