পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের (Bengal Election 2026) জন্য ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল কংগ্রেস। সোমবার দলের তরফে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার প্রথমেই রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম। এছাড়াও তালিকায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকেও রাখা হয়েছে। রয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নাম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাই লড়াই করতে চলেছে কংগ্রেস। সেই কারণে সর্বশক্তি দিয়ে প্রচারের ময়দানে ঝাপাতে চাইছে তারা।
গত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীরা পশ্চিমবঙ্গে এসে কোনও প্রচার কর্মসূচি করেননি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় তাঁদের নাম রয়েছে। এমনকী অসুস্থ সোনিয়া গান্ধীর নামও তালিকায় রাখা হয়েছে। ইতিমধ্যেই বিজেপি ও তৃণমূল নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রচার করেছে। সেই তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েটরা। তবে পিছিয়ে নেই কংগ্রেসও। হেভিওয়েটদের প্রচারের ময়দানে নামিয়ে লড়াইয়ে টিকে থাকতে চাইছে তারা।
সোমবার প্রকাশিত তালিকায় প্রথমেই রয়েছে মল্লিকার্জুন খাড়গের নাম। তারপরই রয়েছেন গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। বাংলার কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি, প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ইশা খান চৌধুরী, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, অধীররঞ্জন চৌধুরীদের রাখা হলেও বাংলার বাইরের নেতাদের নামই তালিকায় প্রাধান্য পেয়েছে।
কংগ্রেস সভাপতি ও গান্ধী পরিবারের তিন সদস্যের পাশাপাশি কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বের নাম তালিকায় রয়েছে। তাঁরা হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ কেসি বেণুগোপাল, কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর, রণদীপ সিং সুরজেওয়ালা, অশোক গেহলট, সলমন খুরশিদ, শশী থারুর, গৌরব গগৈ, কে এল শর্মা, সুদীপ রায় বর্মণ, কানহাইয়া কুমার, মহম্মদ আজহারউদ্দিন প্রমুখ। এছাড়াও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে পশ্চিমবঙ্গের নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন হবে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ও বিজেপি নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। সোমবার কংগ্রেস নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল।
