রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন! ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল। এরমধ্যেই এসআইআর-সহ একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। ঘরে বসে নয়, সরাসরি মাঠে নেমে ভোটের প্রস্তুতি তাঁরা খতিয়ে দেখবেন বলে খবর। সেই মতো রাজ্যে পা রেখেই প্রথমে দুর্গাপুরে পৌঁছবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গেও কমিশনের একটি টিমের যেতে পারে।
আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। ঘরে বসে নয়, সরাসরি মাঠে নেমে ভোটের প্রস্তুতি তাঁরা খতিয়ে দেখবেন বলে খবর।
প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ভোট হবে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার আগেই ময়দানে নামছে কমিশন। জানা যাচ্ছে, সোমবার রাজ্যে আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। বাংলায় পা রেখেই প্রথমে দুর্গাপুরে যাবেন তাঁরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পৌঁছেই প্রথমে ভোটারদের সঙ্গে কথা বলতে পারেন ডেপুটি নির্বাচন কমিশনার। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। দুর্গাপুরের পাশাপাশি দুই বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং দুই ২৪ পরগনাতেও ভোট প্রস্তুতি জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা খতিয়ে দেখবেন। অন্যদিকে, কমিশনের আরেকটি দল আলিপুরদুয়ার থেকে কোচবিহার হয়ে জলপাইগুড়িতে যাবেন বলে জানা যাচ্ছে। এমনকী দার্জিলিং এবং কালিম্পংয়েও যাবেন তাঁরা। উত্তরবঙ্গের জেলাগুলির ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে নির্বাচনী আধিকারিকদের।
অন্যদিকে, গত কয়েকদিন আগেই বিচারাধীন সকল ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। যুক্তর পাশাপাশি ডিলিট হয়েছে অনেকের নাম। আগেই সেই সংক্রান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার ‘বিচারাধীন’ গেরো কাটিয়ে চূড়ান্ত তালিকায় যোগ্যদের নাম জোড়ার কাজ শুরু করেছে কমিশন। প্রকাশিত হচ্ছে বুথভিত্তিক চূড়ান্ত তালিকা। জেলায় জেলায় সেই তালিকা পাঠানো শুরু হয়েছে। অনলাইনেও নতুন তালিকা ডাউনলোড করা যাবে কমিশনের তরফে জানানো হয়েছে।
