দলের ঘোষণাপত্র প্রকাশ করে বিজেপির বাংলা দখলের চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল সিপিআই (এমএল) লিবারেশন। পাশাপাশি শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যজুড়ে ভোটাধিকার তথা নাগরিক অধিকার রক্ষার লড়াইকে জোরদার করার জন্যও পার্টির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধেও লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে।
লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, সারা রাজ্যজুড়েই বিজেপির আগ্রাসন ও তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রাজ্যবাসী লড়াই করছেন। সমস্ত কেন্দ্রে বাম প্রার্থীরা মানুষের সাড়া পাচ্ছেন। যে কোনও মূল্যে বিজেপির বাংলা দখলের চক্রান্ত রুখে দিতে হবে। রাজ্যের দশটি বিধানসভা আসনে মনোনয়ন দিয়েছেন লিবারেশনের প্রার্থীরা। এদিন সাংবাদিক সম্মেলনে অভিজিৎ ছাড়াও ছিলেন কার্তিক পাল, পার্থ ঘোষ, ইন্দ্রাণী দত্ত প্রমুখ লিবারেশনের শীর্ষ নেতৃত্ব। ছিলেন বজবজ বিধানসভার সিপিআই(এমএল) প্রার্থী কাজল দত্ত।
ঘোষণাপত্রে গণতন্ত্র, ভেটাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষা, প্রতি পরিবারে অন্তত একটি স্থায়ী সম্মানজনক কাজ, অসংগঠিত ক্ষেত্রে ন্যূনতম মজুরি মাসে ২৬ হাজার, পরিযায়ী শ্রমিকের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি মজুরদের বছরে ২০০দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি, ভেঙে পড়া শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন, বন্ধ শিল্পের জমিতে শিল্প স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পর্যাপ্ত বাজেট বৃদ্ধির কথা বলা হয়েছে।
