ফের চেনা ঝাঁজাল মেজাজে বঙ্গের পদ্মশিবিরের 'দাবাং' নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আসন্ন ভোটে (West Bengal Assembly Election) তিনি খড়গপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর পুরনো আসন ফিরে পেয়েই স্বমেজাজে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে কথায় কথায় পুলিশকে হুঁশিয়ারি দিলেন। বাছা বাছা শব্দে তাঁর সেই হুমকিতেই স্পষ্ট, আবারও খড়গপুরের দখল নিতে মরিয়া দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের কথায়, ''এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।''
সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।'' তাঁর আরও হুঁশিয়ারি, ''আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।''
এখানেই থামেননি দিলীপ ঘোষ। বলেন, ''আগে খড়গপুরের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামী দিনেও এমন হিসাব করব হিসাব মেলাতে পারবে না। খড়গপুরে এসব চলবে না।'' ২০১৬ সালের বিধানসভা ভোটে খড়গপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু ২০২১ সালে আর তাঁকে আর দল এই কেন্দ্র থেকে প্রার্থী করেনি। দিলীপ ঘোষের বদলে তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই আসন থেকে লড়াই করে অবশ্য জিতেছিলেন। তবে হিরণকে নিয়ে একাধিক বিতর্ক দানা বাঁধায় এবার খড়গপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। দিলীপ ঘোষকে ফেরানো হয় তাঁর পুরনো কেন্দ্রে। আর সেখানে ফিরেই প্রচারে উত্তাপ ছড়ালেন 'দাবাং' নেতা।
