shono
Advertisement
Humayun Kabir

দমদমে 'বড় ভাই' ওয়েইসিকে জড়িয়ে ধরলেন হুমায়ুন, মিমের সঙ্গে জোটে নজর মুসলিম ভোটে!

শেষপর্যন্ত আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করবে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আজ, বুধবার সকালে মিম নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে 'বড় ভাই' বলে সম্মোধন করেন তিনি।
Published By: Suhrid DasPosted: 11:48 AM Mar 25, 2026Updated: 01:46 PM Mar 25, 2026

আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) লড়াই করবে হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল আম জনতা উন্নয়ন পার্টি। আজ, বুধবার সকালে মিম নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে 'বড় ভাই' বলে সম্মোধন করেন তিনি। মিমের সঙ্গে জোট বেঁধে সভার কথাও এদিন ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে সভা। ভরতপুরে প্রথম সভার কথা ঘোষণা হল। সভায় এক লক্ষ মানুষের জমায়েত হবে বলে জানিয়েছেন হুমায়ুন।

Advertisement

হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল মিমের সঙ্গে জোট করল বাংলায়। জোট নিয়ে জল্পনা আগেই ছিল। এবার সেই জোটেই সিলমোহর পড়ল। গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় আসেন মিমের নেতা আসাদউদ্দিন ওয়েইসি। দমদম বিমানবন্দরে ওয়েইসিকে জড়িয়ে ধরেন হুমায়ুন। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাতে ছিলেন মিম নেতা। এদিন তাঁকে পাশে বসিয়েই সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন কবীর।

ওয়েইসিকে পাশে বসিয়ে হুমায়ুন কবীরের সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

আসাদউদ্দিন ওয়েইসিকে 'বড় ভাই' বলে সম্মোধন করে জোটের বার্তা দেন হুমায়ুন। রাজ্যে মিমের সঙ্গে একজোটে লড়াই হবে, সেই বার্তাও দেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার ১৫৩ জনের নাম ঘোষণা হল। রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র রেজিনগর ও নওদা দুই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবীর। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলির মধ্যে মিম-কে কতগুলি আসন ছাড়া হবে? সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। 

মুসলিম ভোট নিজেদের দিকে আনতে মরিয়া হুমায়ুন কবীর। সেই নিয়ে একাধিক বার্তা, প্রচারও শুরু হয়ে গিয়েছে। আগেই বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন। কাজও শুরু হয়েছিল বলে খবর। বাবরি মসজিদ নির্মাণকে সামনে রেখে হুমায়িন ভোট লড়বেন, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। সেই লক্ষ্যে এবার মিমের সঙ্গে বাংলায় জোট করলেন হুমায়ুন? সেই প্রশ্ন উঠেছে। মিমকে বরাবরই বিজেপির 'বি টিম' বলে অভিযোগ করে বিরোধীরা। এবার কি তাহলে তৃণমূলের ভোট কাটতে হুমায়ুনের সঙ্গে বাংলায় মিম হাজির হল? বিজেপিকে সাহায্য করতেই রাজনীতির ময়দানে হুমায়ুন? সেই চর্চাও শুরু হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement