রাজ্যে পালাবদলের পর বিশেষ গুরুত্ব পাচ্ছে কলকাতা। আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হচ্ছে শহরকে। বিশ্ব যোগ দিবসের পর এবার আরও একটি অনুষ্ঠান করা হবে কলকাতায়। ২০২৭ সালের জানুয়ারি মাসে মিশন ইন্ডিয়া এনার্জি উইকের আয়োজন হতে চলেছে শহরে। এর জন্য একের পর এক হোটেল বুকিং চলছে। এই অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠবে কলকাতার রাস্তাঘাট। এর জন্য পূর্ত দপ্তরের আধিকারিকরা রাস্তা পরিদর্শন করছেন। চলতি মাসেই শুরু হবে কাজ।
ইন্ডিয়া এনার্জি উইক হল ভারতের সবচেয়ে বড় শক্তি ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন। এর আগে বেঙ্গালুরু, গোয়া ও দিল্লিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ২০২৭ সালে এই সম্মেলন আয়োজন হতে চলেছে কলকাতায়। ২৮ জানুয়ারি এই সম্মেলন শুরু হবে। শেষ ৩১ জানুয়ারি। এর পাশাপাশি ৯০ টি দেশের প্রতিনিধিরাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও ৭০০ তেল কোম্পানির প্রতিনিধিরা থাকবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন। এই সম্মেলনে তেল, গ্যাস ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ও ব্যবসার প্রসার নিয়ে আলোচনা হবে।
এই সম্মেলনে যোগদানের জন্য দেশ বিদেশের অতিথিরা কলকাতায় উপস্থিত হবেন। তাঁদের থাকার জন্য কলকাতার একাধিক হোটেল বুক করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে হোটেল বুকিংয়ের কাজ। এর পাশাপাশি এই অনুষ্ঠানের জন্য সেজে উঠবে কলকাতার রাস্তাঘাটও। আগামী বছরের জানুয়ারি মাসে ইন্ডিয়া এনার্জি উইক কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে। বিমানবন্দর থেকে কনভেনশন সেন্টার পর্যন্ত রাস্তা সেজে উঠবে। সাজবে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তাঘাটও। চলতি মাসেই শুরু হবে রাস্তা সাজানোর কাজ।
