খরগোশ, উচ্ছে, মিস্টাররা পুলিশের জালে। ভোটের (West Bengal Assembly Election) মুখে অশান্তি এড়াতে তৎপর পুলিশ। সারারাত তল্লাশি চালিয়ে কলকাতার সাত কুখ্যাত 'ট্রাবল মঙ্গার'কে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। বেশ কিছুদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় যারা 'দাগি' বলে পরিচিত ও যাদের বিরুদ্ধে বিগত নির্বাচনে অশান্তি বাঁধানোর অভিযোগ রয়েছে, তাদের অনেকেরই বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। কিন্তু তারা অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে। আবার বেশ কয়েকজন এখন লুকিয়ে থাকলেও ভোটের আগে বা ভোটের দিন গোলমাল করতে পারে বলে সন্দেহ পুলিশের। সেই সূত্র ধরেই শহরের বিভিন্ন এলাকার 'ট্রাবল মঙ্গার'দের তালিকা পুলিশ তৈরি করেছিল। সেই সূত্র ধরেই এক রাতের মধ্যে সাত কুখ্যাত 'দাগি' বা 'ট্রাবল মঙ্গার'কে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকরা গ্রেপ্তার করলেন।
দক্ষিণ কলকাতার কসবার কুখ্যাত 'দাগি' উচ্ছেকেও ভোটের আগেই গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ। কসবার বোসপুকুরের বাসিন্দা উত্তম সাউ ওরফে উচ্ছে সোনা পাপ্পুর গ্যাংয়ের সঙ্গেই ছিল। তার বিরুদ্ধে তোলাবাজি থেকে সংঘর্ষ, বহু অভিযোগ রয়েছে। ভোটের আগেও বহু গোলমাল করেছে সে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন হচ্ছে ‘খরগোশ’। উত্তর কলকাতার জোড়াবাগান থেকে শুরু করে বড়বাজারের বিভিন্ন অঞ্চলের ত্রাস কার্তিক সোনকার ওরফে খরগোশ। এমনকী জেল খেটে আসার পরও তার দাপট কমেনি জোড়াবাগানে। পুলিশের তাড়া খেয়ে হাওড়ায় ডেরা তৈরি করলেও উত্তর কলকাতায় অস্ত্র নিয়ে তোলাবাজিতে সিদ্ধহস্ত সে। শুধু ‘খরগোশ’ নয়, তার সঙ্গী ‘চ্যাপ্টা’ ওরফে অমিত সিংও এলাকায় ত্রাস তৈরি করত। গত লোকসভা ভোটের আগে কখনও রবীন্দ্র সরণি, আবার কখনও বা উত্তর বন্দর এলাকা থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার হয়। তারপরও জামিন পেয়ে উত্তর কলকাতায় গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে সে। ‘খরগোশ’-এর উপর রাস্তায় ছুরি নিয়ে তারই বিপক্ষ গোষ্ঠী হামলা চালায়। তারপরও কমেনি তার দাপট। তাই তার বিরুদ্ধে পুলিশ পরোয়ানা জারি করে। গোয়েন্দাদের তল্লাশিতে এবার গ্রেপ্তার হল ‘খরগোশ’।
দক্ষিণ কলকাতার কসবার কুখ্যাত 'দাগি' উচ্ছেকেও ভোটের (West Bengal Assembly Election) আগেই গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ। কসবার বোসপুকুরের বাসিন্দা উত্তম সাউ ওরফে উচ্ছে সোনা পাপ্পুর গ্যাংয়ের সঙ্গেই ছিল। তার বিরুদ্ধে তোলাবাজি থেকে সংঘর্ষ, বহু অভিযোগ রয়েছে। ভোটের আগেও বহু গোলমাল করেছে সে। মধ্য কলকাতার জোড়াসাঁকো এলাকার কুখ্যাত দাগি হচ্ছে ‘মিস্টার’। ওই এলাকার মদনমোহন বর্মন স্ট্রিটের বাসিন্দা ইসতিয়াক আহমেদ ওরফে মিস্টারের বিরুদ্ধে মধ্য কলকাতার জোড়াসাঁকো, বড়বাজার এলাকার বিভিন্ন জায়গায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ভোটের আগে সেও অশান্তি করতে পারে বলে অভিযোগ পুলিশের। তাই গোয়েন্দারা গ্রেপ্তার করেছে ‘মিস্টার’কেও।
তিলজলার শেখ মানোয়ার ওরফে মান্নুর বিরুদ্ধে বিদেশিকে অপহরণের অভিযোগ ছিল। এছাড়াও ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় থেকে শুরু করে তোলাবাজি, সংঘর্ষ-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিলজলার তপসিয়া রোডের মান্নু ও মহম্মদ সিরাজ গ্রেপ্তার হয়েছে। এছাড়াও বড়বাজারের স্বঘোষিত ‘ডন’ কৃষ্ণ খারোয়ারও পুলিশের জালে বলে খবর।
