দু'দফা ভোটের পর শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ বুথে পুনর্নির্বাচন (West Bengal Repoll) চলছে। কিন্তু দ্বিতীয় দফার ভোটে ওই সব বুথগুলিতে যত ভোট পড়েছিল, এবার রিপোলেও কি সেই হারে ভোট পড়বে? তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ওই এলাকার ভোটাররাই।
প্রসঙ্গত, দু'দফার ভোটেই গোটা রাজ্যেই রেকর্ড হারে ভোট পড়েছে। স্বাধীনতার পর যা নজিরবিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশনও। প্রথম ও দ্বিতীয় দফায় ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বাংলার বহু কেন্দ্রে। তবে ১৫ বুথের পুনর্নির্বাচনের ক্ষেত্রে সেই হার অনেকটাই কম হবে বলে আশঙ্কা করছেন মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ভোটাররাই। তাঁরা বলছেন, গত ২৯ তারিখের নির্বাচনে ভোট দেবেন বলে অনেক পরিযায়ীরাই ভিনরাজ্য থেকে গ্রামে ফিরেছিলেন। নির্ধারিত দিনে ভোটপর্ব শেষ করে অনেকেই আবার নিজেদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। অনেকেই ফিরেছিলেন কলকাতা থেকেও। হঠাৎ করে পুনর্নির্বাচনের ঘোষণায়, সেই সব শ্রমিকরা আর ফিরে আসতে পারছেন না। প্রতিবেশীরা বলছেন, একে তো ছুটি শেষ। তার উপরে অনেক টাকা ট্রেন-বাসের টিকিট কেটে যাতায়াত করতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। পুনর্নির্বাচনে তাঁদের পক্ষে ফের বাড়ি ফেরা কার্যত অসম্ভব।
প্রসঙ্গত, শনিবার মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে পুনর্নিবাচন (West Bengal Repoll)। জানা গিয়েছে, মগরাহাট পশ্চিমের ২১৪, ২১৫, ২১৬ নম্বর বুথে হাজারের বেশি পরিযায়ী শ্রমিকের বাড়ি। ফলে ভোট দিতে বাড়িতে এলেও পুনর্নির্বাচনের সময় তাঁরা প্রায় সকলেই ফিরে গিয়েছেন কর্মসূত্রে। একইসঙ্গে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথেও আজ রিপোলের নির্দেশ দিয়েছে কমিশন। সেখানেও পরিযায়ীরাই ভোটের হারে কমার ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে।
