বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, স্বরূপনগর, গাইঘাটা-সহ একাধিক বিধানসভা আসন মতুয়া অধ্যুষিত। বাকি বিধানসভাগুলিতেও রয়েছেন মতুয়ারা। মতুয়াগড় বলে পরিচিত উত্তর ২৪ পরগনায় বিচারাধীন অর্ধেক বেশি ভোটারের নাম গেল সাপ্লিমেন্টারি তালিকা থেকে। যা নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। ক্ষোভ দানা বেঁধেছে ভোটারদের মধ্যেও।
উত্তর ২৪ পরগনার মোট ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জনের নাম 'বিচারাধীন' ছিল। তার মধ্যে ৫ লক্ষ ৯০ হাজার ৭৪৩ জনের নিষ্পত্তি হয়েছে। এখনও ৫০৯টি আবেদন বিচারাধীন। তবে প্রকাশিত রিপোর্ট বলছে, জেলায় মোট বিচারাধীনের অর্ধেকেরও বেশি এই যাচাই প্রক্রিয়ায় ‘অযোগ্য’ হিসেবে বাদ পড়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জনের নাম বিচারাধীন ছিল। ২ লক্ষ ৬৫ হাজার ০৭৭ জনকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনকে ‘অযোগ্য’ ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট আবেদনকারীর অর্ধেকেরও বেশি এই প্রক্রিয়ায় ছিটকে গিয়েছেন। যা নিয়ে শোরগোল জেলাজুড়ে। এদিকে প্রশাসনিক অগ্রগতির নিরিখে দেখা যাচ্ছে, জেলার ৮ হাজার ৩৩৭টি পার্টের তালিকা তৈরির লক্ষ্যমাত্রা ছিল। তারমধ্যে ৭ হাজার ১৬০টির কাজ শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, নাম বাদ যাওয়া ভোটাররা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। অনলাইন বা অফলাইনে আবেদন করা যাচ্ছে। তবে ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, তা জানা যায়নি। এদিকে ভোটের (West Bengal Assembly Election) আগে কারও নাম ট্রাইব্যুনালে নাম উঠলেও, তারা ভোট দিতে পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। সব মিলিয়ে শোরগোল ছড়িয়েছে জেলাজুড়ে।
