shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

সংখ্যালঘুদের ব্যবহার করছে! 'ডিল' ভিডিও কাণ্ডে ক্ষোভে হুমায়ুনের দল ছাড়লেন প্রেসিডেন্ট

Published By: Sucheta SenguptaPosted: 09:37 PM Apr 10, 2026Updated: 11:19 PM Apr 10, 2026

ভোটের (West Bengal Assembly Election) আগে একের পর এক ধাক্কায় কার্যত দফারফা হুমায়ুন কবীরের নতুন দলের! মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে 'ডিল' ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁর দল থেকে একে একে সরছেন নেতা, কর্মীরা। এমনকী জোটসঙ্গী ওয়েইসির মিম পর্যন্ত সঙ্গত্যাগ করেছে। এবার হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি পর্যন্ত ইস্তফা দিলেন। খোবায়েব আমিন নামে দলীয় প্রেসিডেন্টের অভিযোগ, এই দলটা সংখ্যালঘুদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। এখানে থাকার অর্থ স্রেফ ভোট কাটাকাটির অঙ্কে শামিল হওয়া, প্রার্থীদের জয় এদের লক্ষ্য  নয়।

Advertisement

আমজনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট খোবায়েব আমিনের বক্তব্য, ''এই দলটা তৈরি হয়েছে সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট কাটাকাটির জন্য। তিনমাসের মধ্যে দল গড়ে ২০০ আসনে প্রার্থী দিয়ে কোটি টাকা বাজেট ঠিক করা দল কখনও জেতার জন্য লড়ছে না। এখানে থাকা মানে ভোট কাটার অঙ্কে শামিল হওয়া। আমি তা পারব না। তাই দল ছেড়ে দিলাম।''

হুমায়ুনের দলের পদ ছেড়ে চিঠি সভাপতি খোবায়েব আমিনের।

 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে চূড়ান্ত বিপাকে পড়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে বিজেপির সঙ্গে কোটি টাকার গোপন চুক্তি করেছেন। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে যে কীভাবে আসন্ন ভোটে তাঁর দল তৃণমূলের সংখ্যালঘু ভোট কেটে তাদের পরাজিত করবে এবং নিজের উদ্দেশ্য সফল করবে। এ বিষয়ে নাকি খাস প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও তাঁর কথা হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। তবে এই ভিডিওটিই ভোটের মুখে হুমায়ুনের কেরিয়ারকে চাপে ফেলেছে, বলাই বাহুল্য। যদিও আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার দাবি, ভিডিওটি এআই দ্বারা তৈরি।

তিনি যা-ই দাবি করুন, ভিডিও ছড়াতেই জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসির দল হুমায়ুনের সঙ্গত্যাগ করেছে। আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে একের পর এক সদস্য, কর্মী অন্য দলে যোগ দিচ্ছেন। এবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ ছাড়লেন প্রেসিডেন্ট খোবায়েব আমিন। তাঁর বক্তব্য, ''এই দলটা তৈরি হয়েছে সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট কাটাকাটির জন্য। তিনমাসের মধ্যে দল গড়ে ২০০ আসনে প্রার্থী দিয়ে কোটি টাকা বাজেট ঠিক করা দল কখনও জেতার জন্য লড়ছে না। এখানে থাকা মানে ভোট কাটার অঙ্কে শামিল হওয়া। আমি তা পারব না। তাই দল ছেড়ে দিলাম।'' ভাইরাল ভিডিও নিয়ে আমিনের স্পষ্ট দাবি, ''এআই ভিডিও যদি হয়, তা পরীক্ষা করানো হোক না। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।'' তবে যে তৃণমূল বারবার অভিযোগ তুলেছে, বিজেপির বি-টিম হিসেবে আত্মপ্রকাশ আমজনতা উন্নয়ন পার্টির, তা কি সত্যি প্রমাণিত হল? আমিনের উত্তর, ''ঠিকই বলছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement