বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর গ্রাম পঞ্চায়েতেই অনুন্নয়ন। নেই রাস্তা। সংকট পানীয় জলের। নেই সেতু। ক্ষুদ্র সেচ ব্যবস্থাও বেহাল। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন ফল না হওয়ায় গ্রামের দেওয়াল লিখে ভোট বয়কটের ডাক দিল পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর গ্রাম পঞ্চায়েত পুস্তির ভূসুডি গ্রাম। বাংলা ও ইংরাজিতে রীতিমতো ছড়া লিখে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।
পুস্তি গ্রাম পঞ্চায়েতের পাতরাডি গ্রামে বাড়ি তাঁর। পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের ভুসুডি গ্রামে আজও মাটির রাস্তা। কালো পিচ তো দূরের কথা, ঢালাই পর্যন্ত হয়নি। কুয়ো, নলকূপ থাকলেও গ্রীষ্মকালে পানীয় জল মেলে না। কুয়োর জল শুকিয়ে যায়। নলকূপ কম খনন থাকায় সেখান থেকে জল পড়ে না। ২০২২ সাল থেকে তারা পুস্তি গ্রাম পঞ্চায়েত সেই সঙ্গে ঝালদা ১ নম্বর ব্লকে জানিয়ে এলেও কোন ফল না হওয়ায় ওই গ্রামের মানুষজনের সম্মিলিত সিদ্ধান্ত - ভোট বয়কট। আর এই ভোট বয়কটের ডাক দেওয়ার পরেই তৃণমূল-বিজেপি প্রার্থীর তরজা সামনে চলে এসেছে। বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, "রাজ্যজুড়ে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে এত রাস্তা হচ্ছে। তাহলে ওই গ্রামে কেন পাকা রাস্তা হবে না। নিশ্চয়ই তার কারণ রয়েছে। ওই এলাকায় গ্রামবাসীদের দাবি মত যে রাস্তা হবে তা রেলের জমি। গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর প্রশাসন রেলকে জানালেও তারা এই বিষয়ে কর্ণপাত করেনি। সেই কারণেই ওই গ্রামের এমন অবস্থা।"
গ্রামবাসীদের দাবি, ভুসুডি গ্রাম থেকে লাইন ধার দিয়ে ভজন কুইরি দোকান পর্যন্ত রাস্তা নির্মাণ করতে হবে। নিজস্ব ছবি
বিজেপি প্রার্থী রহিদাস কুমার বলেন, "ওই গ্রাম ভোট বয়কটের ডাক দিয়েছে। গণতন্ত্রের উৎসবে অংশ নেবে না এটা সত্যি খারাপ লাগার বিষয়। কিন্তু এটা হয়েছে রাজ্য সরকারের জন্য। ব্লক প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।" ঝালদা ১ ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোট বয়কটের বিষয়টি শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।" ওই ভুসুডি গ্রামের দেওয়ালে লেখা রয়েছে, "যেখানে নাই উন্নয়ন, সেখানে নাই ভোটগ্রহণ। ভোট আসে ভোট যায়, আমাদের বঞ্চনা থেকেই যায়, তাই এবার ভোট নাই।" নিচে লেখা ভুসুডি গ্রামবাসী।
তাঁদের দাবি, ভুসুডি গ্রাম থেকে লাইন ধার দিয়ে ভজন কুইরি দোকান পর্যন্ত রাস্তা নির্মাণ করতে হবে। এই দাবিটিও গ্রামের কুঁড়েঘরের দেওয়ালে একেবারে দাবি শিরোনাম দিয়ে নীল কালিতে লেখা রয়েছে। সেইসঙ্গে ইংরেজিতেও লেখা রয়েছে "নো ডেভেলপমেন্ট, নো ভোট, নো রোড, নো ভোট, নো ব্রিজ, নো ভোট।" ওই গ্রামের বাসিন্দা গোপাল সিং, মলয় সিং মুড়া, মঙ্গলি সিং বলেন, "আমরা ২০২২ সালের ১৬ আগস্ট পুস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই সমস্যার কথা জানিয়েছিলাম। তারপর কোনও কাজ না হওয়ায় বারবার পঞ্চায়েতে ধরনা দিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২১ শে নভেম্বর বিডিওকে জানিয়েও সুরাহা হয়নি। সেই কারণেই আমরা এবার ভোট বয়কটের ডাক দিয়েছি।"
একাধিক দাবি তুলে ভোট বয়কটের ডাক গ্রামের মহিলাদের। নিজস্ব ছবি
গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর এলাকা। অথচ তিনি এই বিষয়ে একেবারে উদাসীন। তিনি যদি নিজে পঞ্চায়েত এবং ব্লকের কাছে দরবার করতেন তাহলে নিশ্চয়ই এই সমস্যাগুলো থাকতো না। এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
