মালদহের রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ! রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিতেই উত্তরবঙ্গ থেকে উড়ে এল শুভেচ্ছা বার্তা। ইংরেজবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হোয়াটসঅ্যাপে শুভেচ্ছাবার্তা পাঠান শুভেন্দুকে। বলেন, 'তৃণমূলের বহিষ্কারটাই ওঁর কাছে আশীর্বাদ হল।'
শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, "শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সঙ্গেও একসময় রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদহে তৃণমূলের অবজারভারও ছিলেন। পরে তাঁকে তৃণমূল বহিষ্কার করেছিল। বহিষ্কারটা ওঁর কাছে আশীর্বাদ হয়ে গেল। ওঁ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। আশা করব তাঁর নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য-সব দিকে এগিয়ে যাবে।"
উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পরেই ভরাডুবরি নেপথ্যে অভিষেককেই দায়ী করেন দলের অনেকে। সেই বিদ্রোহীদের মধ্যে ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেছিলেন, 'দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়।' অভিষেককেই সরাসরি দোষারোপ করায় তাঁকে শোকজও করা হয়। এই আবহে কৃষ্ণেন্দু নারায়ণের এই সৌজন্য বার্তায় নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
