shono
Advertisement
WB Assembly Election 2026

তৃণমূল প্রার্থীকে 'চোর' স্লোগান বিজেপির, লাঠি উঁচিয়ে ধাওয়া বাহিনীর, ময়নায় তুলকালাম

WB Assembly Election 2026: পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গ্রামপঞ্চায়েতের গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তুমুল উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
Published By: Sayani SenPosted: 10:05 AM Apr 23, 2026Updated: 10:45 AM Apr 23, 2026

তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির। তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। পালটা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গ্রামপঞ্চায়েতের গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তুমুল উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করেন জওয়ানরা।

Advertisement

বিজেপি কর্মীদের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট (WB Assembly Election 2026) হচ্ছে ময়নার বাকচায়। অভিযোগ, তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল এলাকার মানুষদের প্রভাবিত করছে। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছে। যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। এদিকে, তৃণমূল প্রার্থী নিজেই জানান, সকাল থেকে বাকচা গ্রামপঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যান। তাঁর অভিযোগ, "ভোটারদের প্রভাবিত করার কথা শুনি। তা শুনেই ২৩৪ নম্বর বুথে দৌড়ে যাই। যাওয়ামাত্রই লাঠিসোঁটা হাতে আমার কাছে দৌড়ে আসেন বিজেপি কর্মী-সমর্থকরা। আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। চোর, চোর স্লোগান দেয়।"

প্রার্থীর আর্জি, "নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা নিক।" কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে। 'চোর' স্লোগান প্রসঙ্গে চন্দন জানান, "আমাকে সমাজসেবী হিসাবে সবাই চেনেন। আমি চোর নই। গদ্দারও নই। ওরা নিজেরাই চোর। যতসব মিথ্যা কথা বলছে।" বলে রাখা ভালো, এর আগে ভোটপ্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আবারও সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি।

এদিকে, চণ্ডীপুর বিধানসভা ফতেপুরে আবার বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়মকে তোয়াক্কা না করেই জটলা জমায়েত করছিল তৃণমূল। অভিযোগ করে বিজেপি। এরপরই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় আহত হন বিজেপি কর্মী। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement