পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।
অভিযুক্তের নাম নাড়ুগোপাল ভকত। জানা গিয়েছে, রাজ্যে নির্বাচনী আচরণবিধি শুরু হওয়ার পরে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। সেই সময় পুলিশকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নাড়ুগোপালের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেন। পুলিশকর্মীদের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তিনি। সেই সময় নাড়ুগোপাল পুলিশকে জানান, কাউন্সিলরকে না জানিয়ে এলাকায় ঢুকে তদন্ত করা যাবে না। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর দ্বিতীয় দফা ভোটের এক দিন আগে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আগামী ২৯ এপ্রিল, বুধবার বাংলায় দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট রয়েছে। আর এদিনই পূর্ব বর্ধমানের বিধানসভা আসনগুলিতে ভোট হতে চলেছে। তার আগে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় দফায় নির্বাচনের আগে নিরাপত্তা ব্য়বস্থা জোরদার করতে চাইছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। সেই কারণে কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্বাচনের সময়, আগে বা পরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
