shono
Advertisement
Bengal Election 2026

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছা! বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল নেতার

পাপিয়া অধিকারীর ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Published By: Sucheta SenguptaPosted: 04:59 PM Apr 26, 2026Updated: 06:43 PM Apr 26, 2026

প্রথম দফাতেই নাকি ১১০ আসন পেয়ে বসে আছে বিজেপি। বৃহস্পতিবার রেকর্ড ভোটের (Bengal Election 2026) পর শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার আসনগুলিতে আবার সাংগঠনিক শক্তিতে পিছিয়ে বিজেপি, এমন কথা শোনা যাচ্ছে। কে, কত আসন পাবে, তা তো বোঝা যাবে ৪ মে। কিন্তু তার আগে বিজেপি তারকা প্রার্থীদের কাণ্ডকীর্তি যে তাঁদের নিজেদেরই ক্ষতি করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় পতাকা নিয়ে প্রচারে বেরিয়ে তাতে ঘাম মুছলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী! সেই ভিডিও ভাইরাল হতেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন স্থানীয় তৃণমূল নেতা কোহিনূর মজুমদার।

Advertisement

ছাব্বিশের ভোটে শাসকদল তৃণমূলের প্রতি বাংলার টলি ইন্ডাস্ট্রির অটুট সমর্থনে ভাগ বসাতে এবার টালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রাক্তন অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। পর্দায় খলনায়িকা হিসেবে তিনি বহু পরিচিত। এবার কি ভোট ময়দানেও ভিলেন হচ্ছেন তিনি? তার আগে অবশ্য প্রচারেই যথেষ্ট বিতর্কে অবকাশ তৈরি হল টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে নিয়ে। দেখা গেল, ভোটপ্রচারে বেরিয়ে জনসংযোগের সময় তিনি সঙ্গে থাকা জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন, মুখ মুছছেন!সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়েছে। টালিগঞ্জের তৃণমূল নেতা কোহিনূর মজুমদার নিজের ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

কোহিনূর মজুমদার নিজের ফেসবুকে পাপিয়া অধিকারীর সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আগেই হার স্বীকার করে নিয়েছেন। পাল্টুদি জনৈক টালিগঞ্জবাসীকে পরিচয় করতে গেছিলেন। যথারীতি সেই ভদ্রলোক বলেছেন উনি অরূপ বিশ্বাসকে ভোট দেবেন, তিনি অন্য কাউকে চেনেন না। তিনি বলছেন, শুধু দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছেন, জেতার জন্য নয়। তাই বিজেপি কর্মীরা বেকার খাটছেন ভাই, আপনার প্রার্থীই তো হার স্বীকার করে নিয়েছেন।' এনিয়ে অবশ্য বিজেপি বা প্রার্থীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement