shono
Advertisement
Bengal Election 2026

'সিআরপিএফ পাঠিয়ে উলটো করে ঝোলাব', জগন্নাথের মন্তব্যে পালটা দিল তৃণমূল

তৃণমূল নেতারা এলাকায় এলে 'বেঁধে রাখার' নিদানও দেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
Published By: Jaba SenPosted: 12:28 PM Apr 15, 2026Updated: 01:35 PM Apr 15, 2026

ভোটের (Bengal Election 2026) আগেই সিআরপিএফ পাঠিয়ে তৃণমূল নেতাদের উলটো করে ঝোলানোর হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূল নেতারা এলাকায় এলে 'বেঁধে রাখার' নিদানও দেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পালটা তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কটাক্ষ, মানুষ গণতান্ত্রিক উপায়ে জগন্নাথের কোমর ভেঙে দেবে। জগন্নাথের এই মন্তব্য সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

Advertisement

সোমবার রাতে সিউড়ির ১৪ নম্বর ওয়ার্ডের এক পথসভায় জগন্নাথ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পুরভোটের মতো এবারও টাকা বিলি করে জেতার পরিকল্পনা করছে। সেই প্রেক্ষিতে ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা— যদি কেউ টাকা দিতে আসে, তাহলে তাঁদের ‘বেঁধে রাখুন’, ভিডিও করুন এবং তাঁর কাছে পাঠান। যদি তা সম্ভব না হয় তাহলে ‘দ্বিগুণ টাকা দাবি’ করার কথাও বলেন তিনি। এখানেই থামেননি জগন্নাথ, তাঁর আরও মন্তব্য, “টাকা দিতে এলে বেঁধে রাখুন, ভিডিও করুন। তারপর সিআরপিএফ পাঠিয়ে উল্টো করে ঝোলাব, ভোটের আগেই শুরু করব।”

এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের মুখে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। যদিও বিজেপির দাবি, সিউড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় টাকা বিলির সম্ভাবনার খবর পেয়েই সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে।

যদিও জগন্নাথের মন্তব্যে পালটা দিতে দেরি করেনি তৃণমূল শিবিরও। সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ধারাবাহিকভাবে অবাস্তব ও উসকানিমূলক মন্তব্য করছেন। তাঁর বক্তব্য, “গত বিধানসভায় সিউড়ির মানুষ গণতান্ত্রিক উপায়ে ওঁর পা ভেঙে দিয়েছিল। এবারও মানুষ গণতান্ত্রিক উপায়ে ওঁর কোমর ভেঙে দেবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement