সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনি 'ছিন্নমস্তার অভিশাপ'-এ সার্কাসের বাঘ সুলতান পালিয়েছিল। তেমনই রোমহর্ষক কাণ্ড ঘটে গিয়েছে জাপানের একটি শহরে। জনবসতিপর্ণ আধুনিক শহরের মানুষ একটি ভাল্লুকের উৎপাতে তটস্থ। পরিস্থিতি এমন যে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে শহরের ১০০টি স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি পেশাদার শিকারীদের সঙ্গে নিয়ে অপারেশন ভাল্লুক শুরু করেছে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।
ঘটনাটি উত্সুনোমিয়া নামের একটি শহরের। টোকিওর উত্তর দিকে অবস্থিত শহরটি। জনবসতি প্রায় ৫১০,০০০। সেখানে একাধিক সিসিটিভিতে কালো পশমওলা বিরাট ভাল্লুকের ভিডিও ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, বাড়ির আশপাশের গলিতে, শপিং মলের কাছে, পার্কে, এমনকী স্কুল চত্বরেও দেখা গিয়েছে ভাল্লুকটিকে। তড়িঘড়ি ভাল্লুক ধরতে আসরে নামে প্রশাসন। প্রাথমিকভাবে পুলিশ এই কাজ করলেও পরে পেশাদার শিকারীদের সঙ্গে নেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত বিশালদেহী বন্যপ্রাণীটির দেখা মেলেনি।
উত্সুনোমিয়া শহরে শনিবার প্রথমবার দেখা যায় ভাল্লুকটিকে। পরবর্তীকালে শহরের একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভাল্লুকটি। সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, একটি নয়, কোনওভাবে একাধিক ভাল্লুক ঢুকে পড়েছে শহরে। ইতিমধ্যে ফুকুশিমায় চারজন ঘায়েল হয়েছে ভাল্লুকের হামলায়। সব মিলিয়ে আতঙ্ক বাড়ছে শহরে। এই অবস্থায় বন্যকে বনে ফেরাতে তৎপর প্রশাসন। আপাতত প্রয়োজন ছাড়া আমজনতাকে রাস্তায় বেরোতে বারণ করা হচ্ছে।
