shono
Advertisement

Breaking News

Shantipur

ভোটারদের তেল দিচ্ছে বিজেপি! নববর্ষে নির্বাচনী প্রচারে মিষ্টিমুখও করাল গেরুয়া শিবির

শান্তিপুরে ভাগীরথীর ঘাটে পুন্যার্থীদের তেল-শ্যাম্পু বিলি করলেন বিজেপি প্রার্থী! নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যাঁরা স্নান সেরে ফিরছিলেন, তাঁদের হাতে লাড্ডুও তুলে দেন তিনি। একই ঘাটে ভোট প্রচারে পিছিয়ে ছিলেন না শান্তিপুরের তৃণমূল প্রার্থীও।
Published By: Arpita MondalPosted: 12:29 PM Apr 15, 2026Updated: 01:55 PM Apr 15, 2026

বাংলা নতুন বছরের সকাল থেকেই দিকে দিকে ভোটের (West Bengal Assembly Election) উত্তাপ। বাঙালি আবেগ ছুঁতে নববর্ষের সকালটুকু জুড়ে রইল প্রচারের চমক। কলকাতায় বাঙালি অস্মিতাকে শান দিতে ভবানীপুরে হাতে মাছ নিয়ে মিছিল করল শাসকশিবির। অন্যদিকে জেলায় দেখা গেল অন্যছবি। শান্তিপুরে ভাগীরথীর ঘাটে পুন্যার্থীদের তেল-শ্যাম্পু বিলি করলেন বিজেপি প্রার্থী! 

Advertisement

পুন্যস্নানের জন্য ঘাটে ঘাটে যখন মানুষের ঢল। নববর্ষের সকালে শান্তিপুরে ভাগীরথীর ঘাটেও একই ছবি। গঙ্গার ঘাটের মানুষ যখন পুণ্যলাভের আশায় ভিড় জমাচ্ছে, তখন ভোটারদের মন পাওয়ার আশায় পৌঁছে গেল শাসক-বিরোধী দু'পক্ষই। ভোর থেকেই শান্তিপুরের বিজেপি প্রার্থী স্বপন দাস হাজির ভাগীরথীর ঘাটে। পুন্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। শুধু তাই নয়, ঘাটে দাঁড়িয়ে তেল-শ্যাম্পুও বিলি করলেন। নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যাঁরা স্নান সেরে ফিরছিলেন, তাঁদের হাতে লাড্ডুও তুলে দেন বিজেপি প্রার্থী।

পিছিয়ে ছিলেন না শান্তিপুরের তৃণমূল প্রার্থীও। শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন উপস্থিত হন ওই একই ঘাটে। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপুরে ভাগীরথীর তীরে শ্মশান ঘাট তৈরির কাজ খতিয়ে দেখেন। তৃণমূল প্রার্থী জানান, "এবছর ভোট (West Bengal Assembly Election) বলে নয়, প্রতিবছরই নববর্ষ ও মহালয়ার সকালে তৃণমূলের নেতৃত্বরা ভাগীরথীর ঘাটে পরিদর্শনে আসেন। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞাসা করেন। পুরসভার তরফেও ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকেও নজর রাখা হয়।"

প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপির টিকিটে শান্তিপুর আসনে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার।  নদিয়া জেলার ১৭ আসনের মধ্যে ৯টিই ছিল গেরুয়াশিবিরের দখলে। এবার শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে ভোটের ময়দানে বিজেপির স্বপন দাস। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন ধরে রাখতে বিজেপির তেল-শ্যাম্পু কতখানি কাজে আসবে, তার উত্তর পাওয়া যাবে আগামী মাসের ৪ তারিখই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement