shono
Advertisement

Breaking News

BJP Oath Ceremony

শপথের অনুষ্ঠানে ব্রিগেডে ঝালমুড়ি-রসগোল্লার স্টল, দুর্যোগের আশঙ্কায় বিশেষ ব্যবস্থা

পুরো ব্রিগেডকে ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। তাঁদের সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন করে কনস্টেবল।
Published By: Sayani SenPosted: 12:14 PM May 08, 2026Updated: 01:42 PM May 08, 2026

শনিবার ব্রিগেডে শপথ (BJP Oath Ceremony) নেবেন নয়া মুখ্যমন্ত্রী। বাংলায় প্রথম বিজেপি সরকার গড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপিশাসিত রাজ্য থেকেও আসবেন মুখ্যমন্ত্রীরা। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী বিধায়কদের সঙ্গেও বহু বিজেপি নেতাকর্মী-সহ বিশিষ্টজনেরা হাজির থাকবেন। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ। তবে শপথ অনুষ্ঠানে হানা দিতে পারে কালবৈশাখী। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।

Advertisement

বৃহস্পতিবার ব্রিগেড মঞ্চের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার অজয় নন্দ। শনিবার ব্রিগেডের নিরাপত্তার জন্য থাকছে প্রায় চার হাজার পুলিশ। পুরো ব্রিগেডকে ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। তাঁদের সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন করে কনস্টেবল। এছাড়াও প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হতে পারে ব্রিগেডে। পুরো ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা। হেলিকপ্টার ওঠানামার জন্য হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে।

ব্রিগেডে বসানো হবে পর্যাপ্ত সংখ্যক ডোরফ্রেম মেটাল ডিটেক্টর ও পুলিশকর্মীদের হাতে থাকবে হ্যান্ড মেটাল ডিটেক্টর। ড্রোনের পাশাপাশি ওই চত্বরে একাধিক বহুতলের ছাদ থেকে বাইনোকুলার নিয়ে চলবে ব্রিগেডের উপর কড়া নজরদারি। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভির ক্যামেরা বসানো হবে ব্রিগেডের বিভিন্ন জায়গায়। কোন কোন জায়গায় গাড়ি পার্ক করা হবে সেই ব্যাপারেও পুলিশ নির্দেশিকা জারি করবে। এ ছাড়াও প্রয়োজনমতো গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল থেকে মঞ্চে বাজবে রবীন্দ্র সংগীত। ব্রিগেডের প্রবেশপথ সেজে উঠছে বাংলার সংস্কৃতিতে। ব্রিগেড প্যারেডে তিনটি অংশ থাকছে হ্যাঙারে। মাঝের হ্যাঙারে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শপথের পর সই করার জন্য থাকছে রাইটিং ডেস্ক। বাঁদিকের অংশে থাকছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চ। এখানেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা।

ডানদিকে রাজ্য মন্ত্রিসভার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাকি দুটি হ্যাঙারে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা। ঝালমুড়ি ও রসগোল্লার স্টলও রাখা হচ্ছে। সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তার আগেই লোকজন প্রবেশ করতে থাকবে। বেশ লম্বা সময় ধরে অনুষ্ঠান চলবে। তারমধ্যে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। আবহাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিক থেকে খেল দেখাতে পারে আবহাওয়া। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে ব্রিগেডে বিপর্যয় মোকাবিলা টিম থাকছে। ভারী বৃষ্টি হলে জল নামাতে থাকছে অতিরিক্ত পাম্পও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement