সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন আর রুপোলি পর্দা। দুইয়ের মধ্যে তফাত যে কতটা তা নিয়ে আলোচনা অর্থহীন। বাণিজ্যিক ছবিতে এমন কত কিছুই ঘটে যা রক্তমাংসের দুনিয়ার নাগালের বাইরে। কিন্তু সব সময় এই নিয়ম খাটে না। জীবন টেক্কা দিয়ে যায় চিত্রনাট্যের কল্পনাকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়ের এক ঘটনা যেন সেকথাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে। বিয়ের ঠিক আগে পঙ্গু হয়ে যাওয়া বাগদত্তাকে অক্লেশে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন পাত্র।
ঠিক কী ঘটেছিল? গত ৮ তারিখ প্রতাপগড়ের আরতি মৌর্যের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পাশের গ্রামের অবধেশের। কিন্তু সেদিন দুপুরেই ছাদ থেকে পড়ে যান আরতি। এক শিশুকে বাঁচাতে গিয়ে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাঁর শিরদাঁড়া। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরতিকে। চিকিৎসকরা জানিয়ে দেন, আরতি পঙ্গু হয়ে গিয়েছেন। আগামী কয়েক মাস বিছানাতেই থাকতে হবে তাঁকে। শুধু তাই নয়, পুরোপুরি সুস্থ হওয়াটাও প্রায় অসম্ভব।
[আরও পড়ুন: বিলের চেয়ে ঢের বেশি অঙ্কের টিপস রেস্তরাঁকর্মীকে! ক্রেতার উদারতায় মুগ্ধ নেটদুনিয়া]
এমন পরিস্থিতিতে আরতির বোনকে বিয়ে করার প্রস্তাব দেওয়া হয় অবধেশকে। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি জানিয়ে দেন, বিয়ে তিনি করবেন আরতিকেই। শেষপর্যন্ত বিয়ের লগ্ন মেনেই এক হয় চার হাত। চিকিৎসকদের বিশেষ অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে আসা হয় আরতিকে। স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থাতেই বিয়ের অনুষ্ঠান হয়। সেই সময় টানা স্যালাইন ও অক্সিজেনও চলছিল। এমন আশ্চর্য বিয়ের সাক্ষী হয়ে অভিভূত চিকিৎসকরাও।
[আরও পড়ুন: চুরি করতে গিয়ে মন্দিরের ভিতরেই ঘুমিয়ে পড়ল শীতকাতুরে চোর! তারপর…]
কেটে গিয়েছে এক সপ্তাহ। স্ত্রীর পাশে থেকে নিরলস তাঁর সেবা করে চলেছেন অবধেশ। এখনও সপ্তাহ দুয়েক তাঁকে ভরতি থাকতে হবে এখানে। পুরো সময়টা এখানেই থাকতে চান তিনি। আরতির পাশেই। কেমন লাগছে জীবনের এই কঠিন সময়ে এমন এক জীবনসঙ্গীকে পেয়ে? আরতি জানাচ্ছেন, ‘‘প্রথমে তো প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু পরে আমার স্বামী আমাকে বললেন, আমি সুস্থ না হলেও উনি আমার পাশেই থাকবেন। এমন কথা শোনার পরে আর কোনও ভয় নেই।’’
আর অবধেশ? তিনিও ইস্পাত কঠিন মনোবলের সঙ্গে জানিয়ে দিচ্ছেন, ‘‘যা হয়েছে তা দুর্ভাগ্যবশত। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সারা জীবন সমস্ত সংকটের সময়ও ওর পাশেই থাকব।’’ এমন গভীর প্রেম দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে শাহিদ কাপুর ও অমৃতা রাওয়ের ‘বিবাহ’ ছবিটির কথা। সেখানেও বিয়ের আগে আগুনে পুড়ে যাওয়া অমৃতাকে বিয়ে করেছিলেন শাহিদ। কিংবা ‘মন’ ছবিতে পঙ্গু মনীষা কৈরালাকে বিয়ে করেছিলেন আমির খান। সেই সব সেলুলয়েডের গল্পকেও যেন হার মানাল আরতি ও অবধেশের এই সত্যি কাহিনি।
