অঘটন ঘটা যেন থামতেই চাইছে না ফরাসি ওপেনে। জানিক সিনার, নোভাক জকোভিচের পর এবার প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মহিলাদের সিঙ্গলসের শীর্ষবাছাই আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। বুধবার কোয়ার্টার ফাইনালে সাবলেঙ্কা একটি সেট এবং দু’টি ব্রেক পয়েন্টে এগিয়ে থেকেও ব্যর্থ হলেন।
ডায়না স্নাইডার ৩-৬, ৭-৫-৬-০ ব্যবধানে সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের জন্য কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শীর্ষবাছাই সাবালেঙ্কার শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথম সেটে ডায়নাকে দাঁড়াতেই দেননি। দ্বিতীয় সেটেও তিনি একসময় ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে না জেতাটাই আশ্চর্যজনক। কিন্তু সেই আশ্চর্যজনক ঘটনাই ঘটালেন ডায়না। দ্বিতীয় সেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। ছিল দু'টি ব্রেক পয়েন্ট। সেখানে থেকে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান স্নাইডার। আর এখান থেকেই একটার পর একটা ভুল করতে শুরু করেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটটি স্নাইডার জিতে নেন ৭-৫ ব্যবধানে।
তৃতীয় সেটে সাবালেঙ্কা পুরোপুরি স্নায়ুর চাপে আক্রান্ত হন। যেখান থেকে আর বেরতে পারেননি। যদিও ০-৪০ ব্যবধানে পিছিয়ে থাকার সময় দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছিলেন তিনি। গতবছর কোকো গফের কাছে ফরাসি ওপেনের ফাইনালেও স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলেন। এদিনই অপর কোয়ার্টার ফাইনালে মাজা চাওয়ালিনস্কা ৭-৬ (৭-৩), ৬-৩-এ বাইশতম বাছাই আনা কালিনস্কায়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
অন্যদিকে, পুরুষদের সেমিফাইনালে উঠেছেন দশম বাছাই ফ্লাবিও কোবোলি। তিনি কোয়ার্টার ফাইনালে চার সেটের লড়াইয়ের পর ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪-এ হারিয়েছেন চতুর্থ বাছাই ফেলিক্স আউগর আলিয়াসিমকে। ফ্লাবিও প্রথম সেটে সেভাবে সুবিধা করতে না পারলেও পরবর্তী তিনটি সেটে দাঁড়াতে দেননি ফেলিক্সকে। সেমিফাইনালে আলেজান্ডার জেরেভ খেলবেন জাকুব মেনসিকের বিরুদ্ধে। তিনি জকোভিচ বধকারী জোয়াও ফনসেকাকে ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৩)-এ হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
