সদ্য মাকে হারিয়েছেন লিয়েন্ডার পেজ। সোমবার জেনিফার পেজের শেষকৃত্য। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভারতের কিংবদন্তি টেনিস তারকাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, বাংলার ক্রীড়াক্ষেত্রর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন।
লিয়েন্ডারের মা জেনিফার দীর্ঘদিন বাস্কেটবল খেলেছেন। ক্যানসারের আক্রান্ত ছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৭২ বছরে তাঁর লড়াই থামল। ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভেস ১৯৭১ সালে হকি বিশ্বকাপের ব্রোঞ্জজয়ী দলে ছিলেন। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী হকিদলের সদস্য ছিলেন। জেনিফার ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বংশধর। গত বছর আগস্ট মাসে লিয়েন্ডারের বাবা ভেস পেজ প্রয়াত হন।
সোমবার কলকাতার মিডলটন রোডের সেন্ট থমাস চার্চে জেনিফারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। লিয়েন্ডারকে সান্ত্বনা দিতে সেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। পাশে দাঁড়ানো প্রাক্তন টেনিস তারকা কান্নায় ভেঙে পড়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, "আজ দুঃখের দিন। তাই বেশি কথা বলব না। তবে বাংলার খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন।" এর আগে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’তে যোগদান করেন লিয়েন্ডার।
সোমবার বেশ কয়েকটি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। ক্যাবিনেটে বৈঠকে রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর দেয় সরকার। এরপর পার্ক সার্কাসে গিয়ে সমাজ বিরোধীদের কড়া বার্তা দেন। তার মাঝেই লিয়েন্ডারের মায়ের শেষকৃত্যে উপস্থিত হয়ে মানবিক রূপেরও পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী।
