এবার কমনওয়েলথ গেমসে ভারতের পদকের সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। আশঙ্কার মধ্যেই গ্লাসগোয় খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু প্রথম দিনেই ভারতীয়দের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথমবার কমনওয়েলথে নেমেই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন পুতুল সোনোয়াল। পিছিয়ে নেই ভারতে নারীশক্তিও। টাইব্রেকে গিয়ে ম্যাচ ছিনিয়ে এনেছেন রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিং।
কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারতীয় অ্যাথলিটরা নেমেছিলেন লন বোল ইভেন্টে। সেই ইভেন্টে প্রথম জয়টা এল ভারতের মেয়েদের হাত ধরে। মালটার বিরুদ্ধে উইমেন্স পেয়ার্স বিভাগে খেলতে নেমেছিল রূপা-পিঙ্কি জুটি। প্রথম সেট ৭-১ ব্যবধানে জিতে যান তাঁরা। কিন্তু দ্বিতীয় সেটে ৪-৩ হারতে হয় ভারতকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জিতে যান ভারতীয় জুটি। উল্লেখ্য, ২০২২ সালের কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তাঁরা। এবারও পদকের স্বপ্ন দেখাচ্ছেন এই জুটি।
তারপর পুরুষদের সিঙ্গলস ইভেন্টে নামেন পুতুল। প্রথমবার কমনওয়েলথে নামা পুতুলের প্রতিপক্ষ ছিলেন ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন কানাডার রায়ান বেস্টার। অতীতে কমনওয়েলথও পদক জিতেছেন তিনি। কিন্তু ধারেভারে এগিয়ে থাকা প্রতিপক্ষকে ৫-৪ হারিয়ে দেন প্রথম সেটে। দ্বিতীয় সেটে একপেশেভাবে হেরে যান পুতুল। তবে চাপের মুখে ঠান্ডা রেখে এগিয়ে যান অসমের এই ক্রীড়াবিদ। টাইব্রেকারে গিয়ে হারিয়ে দেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে।
প্রসঙ্গত, ২০২২ সালের বার্মিংহামের আসরে এসেছিল ৬১টি পদক। টিম ইন্ডিয়া শেষ করেছিল চতুর্থ স্থানে। উপরে শুধু অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডা। কিন্তু এবার ভারতীয় ক্রীড়া মহল আশঙ্কা করছে, ভারতের পদকের সংখ্যাটা রাতারাতি অর্ধেকের কাছাকাছি নেমে আসতে পারে। কারণ প্রতি বছর কমনওয়েলথ গেমসে যে ইভেন্টগুলি সোনার ফসল ফলায়, সেই ইভেন্টগুলিই এবার বাতিল হয়ে গিয়েছে। আসলে এ বছর কমনওয়েলথ গেমসে ইভেন্টের সংখ্যা ১৯ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে এনেছে। বাতিলের খাতায় চলে গিয়েছে ৯টি খেলা। যে খেলাগুলি বাদ গিয়েছে সেগুলিই ভারতের মূল শক্তির জায়গা। তার মধ্যেও স্বপ্ন বাঁচিয়ে রাখছেন পুতুল-রূপা-পিঙ্কিরা।
