shono
Advertisement
Dilip Gavit

ডেকে অপমান! দু'ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী

সোনালি সাফল্যের পর সম্মান জানাতে ডাকা হয়েছিল দিলীপকে। কিন্তু সেই 'মহার্ঘ' সাক্ষাৎ আর সম্ভব হল না।
Published By: Prasenjit DuttaPosted: 08:27 PM Aug 08, 2026Updated: 08:27 PM Aug 08, 2026

কমনওয়েলথ গেমসে দেশের মুখ উজ্জ্বল করেছেন। টি৪৭ ১০০ মিটারে সোনা জিতে ইতিহাসও গড়েছেন। সেই দিলীপ গাভিতকেই ডেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখার অভিযোগ উঠল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে। শেষ পর্যন্ত দু'ঘণ্টারও বেশি অপেক্ষা করে ঠাকরের সঙ্গে দেখা না করেই ফিরে গেলেন দেশের অন্যতম সেরা প্যারা অ্যাথলিট।

Advertisement

রাজনৈতিক কর্মসূচিতে এখন নাসিকে রয়েছেন ঠাকরে। সেই নাসিকেরই বাসিন্দা দিলীপ। কমনওয়েলথে টি৪৭ ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী অ্যাথলিটের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। সেই মতো নির্দিষ্ট সময়ে কোচ বৈজনাথ কালেকে সঙ্গে নিয়ে রাজের সঙ্গে দেখা করতে পৌঁছে যান দিলীপ। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও দেখা মেলেনি এই নেতার। প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করার পর কোচকে নিয়ে ফিরে যেতে চান দিলীপ। তখন এমএনএস কর্মীরা তাঁদের আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেন। তবে আর অপেক্ষা করেননি তাঁরা।

সংবাদ সংস্থা পিটিআইকে বৈজনাথ বলেন, "আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। স্যর নানা কাজে খুবই ব্যস্ত। আমরা পরে দেখা করে নেব।" দিলীপ অবশ্য এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দিলীপের জীবনও কম লড়াইয়ের নয়। মাত্র চার বছর বয়সে গাছ থেকে পড়ে ডান হাত ভেঙে যায় তাঁর। পরে চিকিৎসায় গাফিলতির কারণে কনুই থেকে ডান হাতের বাকি অংশও হারাতে হয়। কৃষক পরিবারের সন্তান সেই দিলীপই আজ দেশের প্যারা অ্যাথলেটিক্সের অন্যতম উজ্জ্বল মুখ।

কমনওয়েলথ গেমসে সোনা জেতার পাশাপাশি ইতিহাসও গড়েছেন তিনি। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে টি৪৭ ১০০ মিটারে সোনা জিতেছেন দিলীপ। একই ইভেন্টে রুপো জিতেছেন ভারতেরই মহম্মদ বাসিল। সোনালি সাফল্যের পর সম্মান জানাতে ডাকা হয়েছিল দিলীপকে। কিন্তু সেই 'মহার্ঘ' সাক্ষাৎ আর সম্ভব হল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement